ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক মিসেস শাহরিন আক্তার। এসব অভিযোগে অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। শাহরিন আক্তার ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর স্বত্বাধিকারী।
প্রযোজকের পক্ষে আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে শরিফুল রাজকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রযোজকের অভিযোগ, ‘ঠিকানা’ সিনেমাকে কেন্দ্র করে শরিফুল রাজের সঙ্গে করা চুক্তির বিভিন্ন শর্ত লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি এক্সক্লুসিভিটি চুক্তি ভঙ্গের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। এ বিষয়ে অভিনেতার কাছ থেকে ব্যাখ্যা চেয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছেন প্রযোজক।
নোটিশে জবাব দেওয়ার জন্য মাত্র ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়ায় সিনেমাটিকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে চুক্তির ঠিক কোন কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে এবং এতে প্রযোজকের কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
অন্যদিকে, প্রযোজকের তোলা অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত শরিফুল রাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে অভিনেতার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তাঁর অবস্থান জানা যাবে।
প্রসঙ্গত, ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শরিফুল রাজের। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। চলতি বছর তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেতা।