কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ১৫ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পৃথক অভিযানে একজন আসামিসহ আরও ৯ কেজি গাঁজা আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় একজন আসামিসহ ৯ কেজি গাঁজা আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটক আসামি ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাপ্পি/সা.এ