ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্বামীর জামিনের ব্যবস্থা করার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মো. হযরত আলী মণ্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বৃহস্পতিবার ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হযরত আলী পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয়ভাবে ‘হযরত নেতা’ হিসেবে পরিচিত।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, একটি হত্যাচেষ্টা মামলায় গত ১৪ সেপ্টেম্বর ওই নারীর স্বামী দুলাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে প্রতিবেশীদের পরামর্শে স্থানীয় যুবদল নেতা হযরত আলীর শরণাপন্ন হন ওই নারী। অভিযোগ রয়েছে, জামিনের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে হযরত আলী ওই নারীর কাছে অনৈতিক প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় পরের দিন মঙ্গলবার সকালে হযরত আলী কৌশলে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারী নিজের মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে পাশের বাড়ি থেকে স্বজনরা এগিয়ে এলে অভিযুক্ত নেতা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের চেষ্টার ওই ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ওই নারী নিজেকে রক্ষা করার জন্য ধস্তাধস্তি করছেন।
ভুক্তভোগী নারী জানান, আদম ব্যবসায়ীর প্রতারণার শিকার হয়ে তার স্বামী ও ছেলের বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। সেই মামলায় স্বামী কারাগারে যাওয়ার পর অসহায়ত্বের সুযোগ নিয়ে যুবদল নেতা তাকে কুপ্রস্তাব দেন। বাড়িতে এসে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে তিনি কৌশলে ভিডিও ধারণ করেন।
এদিকে, অভিযুক্ত যুবদল নেতা হযরত আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, সম্মানহানি করতে একটি মহল ষড়যন্ত্র করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি তিনি দেখেছেন। বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হযরত আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কুশল/সাএ