পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ থেকেই এ বোর্ড কার্যকর হচ্ছে বলে জানান তিনি।
শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, ‘আশা করি, শ্রমিকরা এখন রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কাজে যোগ দেবেন।’
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী।
বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, রোববার পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন করা হবে।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আসছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের আন্দোলনের মধ্যে সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠনের ঘোষণা এল।