ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে কড়া মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না। তাদের হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে আনা হয়।’
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের দাড়িয়াপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির বলেন, ‘জয় বাংলা স্লোগান এখন পালিয়ে যাওয়ার স্লোগান। তারা নিজেরাই এখন আতঙ্কিত। তারা হয় দেশ থেকে পালিয়ে যাবে, নয়তো ধরা পড়বে।’
এর আগে শুক্রবার ভোরে সিলেটে প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।