দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
এ নিয়ে টানা ৯ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমল। সব মিলিয়ে এ সময়ে প্রতি ভরিতে দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ভরিতে স্বর্ণের দাম কমল ১৭ হাজার ১৪৬ টাকা।
বাজুসের নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
এর আগে দেশের বাজারে টানা তিন দফা দাম বাড়ানোর পর গত ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয় স্বর্ণের দাম। এরপর ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর তৃতীয় দফায় ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর চতুর্থ দফায় ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর পঞ্চম দফায় ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ষষ্ঠ দফায় ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।
পরবর্তী সময়ে ১৯ নভেম্বর সপ্তম দফায় ৩ হাজার ২৬৬ টাকা এবং ২০ নভেম্বর অষ্টম দফায় ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। সবশেষ শনিবার রাতে নবম দফায় আরও ৬ হাজার ১৮২ টাকা কমানো হলো।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।
এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।