এশিয়ার বাজারে বৃহস্পতিবার দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। আগের দিনের মূল্যবৃদ্ধির পর শান্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনায় তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এখনো বাজারে চাপ তৈরি করছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৭৪ সেন্টে নেমে আসে।
এর আগের দিন বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৩ শতাংশ বেড়েছিল। ফলে বৃহস্পতিবারের দরপতনকে আগের দিনের মূল্যবৃদ্ধির পর বাজারের সংশোধন হিসেবেও দেখা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা তেলের বাজারে কিছুটা স্বস্তি এনেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ির কাছে আলোচনার উদ্যোগ নিয়ে চিঠি পাঠিয়েছেন বলে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে।
তবে মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি পুরোপুরি কাটেনি। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বৃদ্ধি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগের কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে শান্তি আলোচনার সম্ভাবনায় দাম কমলেও দরপতনের পরিমাণ সীমিত রয়েছে।
বিশ্লেষকদের মতে, কূটনৈতিক উদ্যোগ কতটা এগোয় এবং মধ্যপ্রাচ্যের সংঘাত কোন দিকে মোড় নেয়, তার ওপর আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের গতিপথ অনেকটাই নির্ভর করবে।
সূত্র: রয়টার্স
স্বাধীন/সা.এ.