খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী সমমনা দলগুলো।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সন্ধ্যায় শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও শাপলা চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে পুনরায় ভাঙ্গাব্রীজ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নানা অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মাটিতে এখনো নানা উপায়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগ এবং তাদের দোসররা। খাগড়াছড়ির শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়, তবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
বক্তারা আরও বলেন, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে নেতাকর্মী ও সচেতন নাগরিক সমাজকে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে। খাগড়াছড়ির শান্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের এমন সরব উপস্থিতি ও শোডাউন এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা গেছে।