অরিত্রীর আত্মহত্যার মামলা: প্ররোচনার কিছু পায়নি পিবিআই
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর মৃত্যুর পর বলা হয়, শিক্ষকদের হাতে মা-বাবা অপমানিত হওয়ায় সে আত্মহত্যা করেছে।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর মৃত্যুর পর বলা হয়, শিক্ষকদের হাতে মা-বাবা অপমানিত হওয়ায় সে আত্মহত্যা করেছে। এ অভিযোগে তার বাবার করা মামলায় রায়ের পর্যায়ে এসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত। প্রায় দুই বছর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে সংস্থাটি।
পিবিআই বলেছে, অরিত্রী ও তার মা-বাবাকে শিক্ষকরা অপমানজনক কথাবার্তা বলেননি। বরং পরীক্ষা দিতে না পারা নিয়ে মা-বাবা শাসন করতে পারেন-এমন ভয় থেকে অরিত্রী আত্মহত্যা করেছে।
পিবিআইয়ের অভিযোগপত্রে ভিন্ন তথ্য উঠে আসার বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী।
তিনি বলেন, প্রথম থেকে আমার পিবিআই নিয়ে সন্দেহ ছিল।
২০১৮ সালের ২ ডিসেম্বর বার্ষিক পরীক্ষা দেওয়ার সময় অরিত্রীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। নকলের অভিযোগে তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়।
পরিবারের অভিযোগ, টিসি দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরের দিন মা-বাবাকে ডেকে নিয়ে অপমান করা হয়। তাদের অপমান সহ্য করতে না পেরে ৩ ডিসেম্বর নিজ বাসায় সে আত্মহত্যা করে।
এ ঘটনায় দিলীপ অধিকারী পরের দিন পল্টন মডেল থানায় তিন শিক্ষিকার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এনে মামলা করেন। এক পর্যায়ে মামলার তদন্তভার পায় ডিবি।
সাড়ে তিন মাসের মাথায় ২০১৯ সালের ২০ মার্চ আদালতে দুই শিক্ষিকা নাজনীন ফেরদৌস ও জিনাত আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে শ্রেণিশিক্ষিকা হাসনা হেনাকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনের তৎকালীন পরিদর্শক কামরুল হাসান তালুকদার।
২০১৯ সালের ১০ জুলাই দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এরপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলাটিতে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য নেয় আদালত।
২০২৩ সালের ২৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ২০২৪ সালের ২১ জানুয়ারি ধার্য করে। ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ৮ ফেব্রুয়ারি ঠিক করে আদালত। কিন্তু ওই দিনও রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ৩ মার্চ করা হয়। একই কারণে রায় আবার পিছিয়ে ৯ এপ্রিল ধার্য করে আদালত। এরপর আরও দুই দফা পিছিয়ে প্রথমে ৯ এপ্রিল এবং পরে ২৫ জুলাই ঠিক করা হয়।
২৫ জুলাই রায় ঘোষণার দিনে ঢাকার ১২তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের তৎকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন স্বতঃপ্রণোদিত হয়ে পিবিআইকে পুনরায় মামলাটি তদন্তের নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ঢাকা মেট্রো দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার জায়ীতা দাস গত ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস মারা যাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করা হয়। সাবেক শাখা প্রধান ও সহকারী প্রধান শিক্ষক জিনাত আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন তিনি।
জায়ীতা দাস বলেন, মূলত মামলার তদন্তটা করেছেন অ্যাডিশনাল পুলিশ সুপার আবীর হোসেন স্যার। এরপর উনি বদলি হয়ে যান। তবে তার আগেই তদন্ত শেষ করে অভিযোগপত্রটি প্রস্তুত হয়। পরে শুধু আমার নামে অভিযোগপত্রটি আদালতে জমা পড়েছে। মূলত মামলাটা আমি দেখিনি। বাদী, বিবাদী বা সাক্ষীদের সঙ্গে আমার কথাও হয়নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন সাক্ষ্য দিতে যাব, তখন অ্যাডিশনাল পুলিশ সুপার আবীর হোসেন স্যারকে নিয়ে যাব। কারণ তিনিই সবকিছু জানেন।
পিবিআইয়ের ঢাকা মেট্রো দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার আবীর হোসেন বলেন, “আগের তদন্ত সংস্থা অরিত্রীর মোবাইল ফোন, স্কুলের সিসিটিভি ভিডিও পরীক্ষা করেছে। আমরাও ওইগুলোর ফরেনসিক পরীক্ষা করেছি। তারপর কয়েকজন শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছি। শাখা প্রধানের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। বিস্তারিত অভিযোগপত্রে তুলে ধরেছি। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।”
তারপরও কেন অভিযোগপত্র— এমন প্রশ্নে আবীর হোসেন বলেন, “আইনে আছে, প্রথমবার অভিযোগপত্র দিলে পরবর্তীতে অধিকতর তদন্তে গেলে অভিযোগপত্র দিতে হয়। অব্যাহতি দেওয়ার সুযোগ নাই।”
প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান জানিয়েছেন, ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রোববার মামলার দিন ধার্য রয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, নাজনীন ফেরদৌসের কক্ষে উপস্থিত মো. মুরাদ হোসাইন ও মো. শফিউর রহমানকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন (২০১৮ সালের ৩ ডিসেম্বর) দিলীপ অধিকারী, তার স্ত্রী বা মেয়ে অরিত্রীকে নাজনীন ফেরদৌস কোনো ধরনের অপমানজনক কথাবার্তা বলেননি। তারা কেউই নাজনীন ফেরদৌসের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করেননি। শুধু পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।
পিবিআই বলছে, নাজনীন ফেরদৌস নিজের সীমাবদ্ধতার কথা জানিয়ে তাদের ফিরিয়ে দেন। কক্ষ থেকে বের হওয়ার সময় তাদের আচরণ স্বাভাবিক ছিল। এসব আচরণ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়নি বলে পিবিআইয়ের বক্তব্য।
সংস্থাটি বলেছে, জব্দ করা সিসিটিভি ভিডিও পরীক্ষা করে বা মতামত বিশ্লেষণেও অরিত্রীর নাজনীন ফেরদৌসের পায়ে ধরে ক্ষমা চাওয়া এবং তা প্রত্যাখ্যান করে তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার বিষয়ে কোনো উপাদান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সাক্ষী মুশতারী সুলতানা, রাশেদা খানম, জাহানারা শিরিন আফরোজ ও শাহরীমা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের বরাতে পিবিআই বলেছে, ঘটনার দিন তারা জিনাত আক্তারের সঙ্গে প্রশ্নপত্র বিতরণের কাজ করছিলেন। ওই সময়ে শ্রেণিশিক্ষক হাসনা হেনার সঙ্গে অরিত্রী তার বাবা-মাকে নিয়ে কক্ষে প্রবেশ করেন। জিনাত আক্তার তার বাবা-মায়ের সঙ্গে শান্তভাবে কথা বলেন এবং তাদের সম্মানের সঙ্গে নিজের সীমাবদ্ধতার কথা বুঝিয়ে বলেন। কিছুক্ষণ জিনাত আক্তারের কক্ষে থাকার পর অরিত্রী তার মা-বাবাকে নিয়ে নাজনীন ফেরদৌসের সঙ্গে আলাপ-আলোচনা করতে চলে যান।
অভিযোগপত্রে বলা হয়, ওই সময় তাদের কাউকে কোনো ধরনের অপমানজনক কথা বলা হয়নি। অরিত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করতে পারে— এমন কোনো উপাদান ওই দিনের আলাপের বিষয়ে সাক্ষীদের জিজ্ঞাসাবাদে পাওয়া যায়নি।
পিবিআই বলেছে, জিনাত আক্তারের বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষ্যপ্রমাণ পাওয়া না গেলেও আগের তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এ কারণে তাকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহারের ৩ নম্বর আসামি সম্পর্কে অভিযোগপত্রে বলা হয়, ঘটনার দিন অরিত্রীর মা-বাবা হাসনা হেনার কাছে উপস্থিত হলে তিনি আইসিটি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের কাছ থেকে অরিত্রীর ফোন ও পরীক্ষার খাতা নিয়ে তাদের দেখান। একই সঙ্গে নকল করার বিষয়টিও স্পষ্টভাবে জানান। তারা হাসনা হেনাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে অনুরোধ করলে তিনি এ বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করতে পারবেন না বলে জানান। তারা শাখা প্রধান জিনাত আক্তারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি শাখা প্রধানের কক্ষে অরিত্রীসহ তার মা-বাবাকে নিয়ে যান। জিনাত আক্তারের সঙ্গে আলোচনা শেষে তিনি তাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসের কক্ষে নিয়ে যান। হাসনা হেনা আত্মহত্যায় প্ররোচিত করেছেন—এমন কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। আগের তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছিলেন।
মামলার তদন্তকালে পাওয়া সাক্ষ্যপ্রমাণ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, নাজনীন ফেরদৌসের কক্ষের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং অরিত্রীর ব্যবহৃত জব্দ করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার মতামত বিশ্লেষণে নাজনীন ফেরদৌস, জিনাত আক্তার ও হাসনা হেনা অরিত্রীকে টিসি দেওয়ার হুমকি বা আত্মহত্যার মতো কোনো ঘটনায় প্ররোচিত করতে পারে—এমন আচরণের সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পিবিআইয়ের অভিযোগপত্রে উঠে আসা এসব তথ্যে নাখোশ অরিত্রীর পরিবার।
বাবা দিলীপ অধিকারী বলেন, পিবিআই থেকে আমাকে জানিয়েছিল অভিযোগপত্র দেবে। এরপর আর যোগাযোগ হয়নি। আমিই তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করি। পিবিআইকে নিয়ে প্রথম থেকে আমার সন্দেহ ছিল। শেষ পর্যন্ত এরকম একটা প্রতিবেদন দিল। যে কথা বলেছে, খুবই দুঃখজনক। আমরা তাকে শাসানোর সেই সুযোগটা কই পেলাম? ঘটনার দিন আমরা স্কুলে ছিলাম। সেও আমাদের সঙ্গে ছিল। বাবা-মায়ের সঙ্গে এমন কর্মকাণ্ড দেখে কোন ফাঁকে বাসায় এসে আত্মহত্যা করেছে। ওর সঙ্গে তো কথা বলার সুযোগই পায়নি।
শিক্ষকদের সেদিনের ব্যবহারের কথা তুলে ধরে দিলীপ অধিকারী বলেন, আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে, জীবনেও ভুলব না। পিবিআই স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে জবানবন্দি নিয়েছে। শিক্ষকরা তো শিক্ষকদের পক্ষেই কথা বলবে। আমরা দুজন (স্বামী-স্ত্রী) প্রত্যক্ষদর্শী সাক্ষী। আমাদের কোনো মূল্যায়নও করল না।
তিনি বলেন, পিবিআই আসামিদের খালাস দেওয়ার একটা প্রক্রিয়া করে দিয়েছে। আমাদের ওপর ব্লেম দিয়ে সামাজিকভাবে বিতর্কিত করতে ঘায়েল করেছে। আইনজীবীর সঙ্গে কথা বলব, দেখি কী করা যায়।”
আক্ষেপ নিয়ে বলেন, ছয় দফা রায় পিছিয়ে মামলাটি পুনরায় তদন্তে পাঠানো হলো। সাতটা বছর মামলা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছি। কত কষ্ট করে সাক্ষীদের হাজির করেছি। এখন তো সেই সাক্ষীগুলো আগের জায়গায় নেই। আদৌ সাক্ষী হাজির করতে পারব কি না, রায় তো দূরের কথা। তারপরও চেষ্টা করব। কতগুলো বছর সময় দিয়েছি। মামলাটা এত দীর্ঘায়িত হবে চিন্তায় ছিল না। কষ্ট হলেও চালিয়ে যেতে হবে। মামলাটা একটা সমাধানে আসুক। বিচার না হলে মানসিক শান্তি পাব না।
আসামি জিনাত আক্তারের আইনজীবী জান্নাতুন নাঈম মারিয়া বলেন, মামলার অভিযোগপত্র এসেছে। আত্মহত্যায় প্ররোচিত করেছি— এমন কিছু কিন্তু অভিযোগপত্রে নেই। স্কুলে পরীক্ষা চলছিল। হলে কোনো ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। সেখানে সে মোবাইল ফোন নিয়ে যায় এবং সেখান থেকে নকল করতে গিয়ে ধরা পড়ে।
তিনি বলেন, শিক্ষকরা তাকে ধরে এনে সহকারী প্রিন্সিপাল জিন্নাত আরার কাছে নিয়ে আসে। নিয়ে অধ্যক্ষের কক্ষে পাঠিয়ে দেন। তিনি কিন্তু তাকে ধরেননি। অন্য শিক্ষকরা ধরে তার কাছে দিয়েছিল। তিনি অধ্যক্ষের কাছে পাঠিয়ে দেন। এটাই।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

