সাইবার স্পেসে গালিগালাজ ও অসম্মানজনক শব্দচয়নের মাধ্যমে জামায়াত-শিবিরের সমালোচকদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাশেদ খাঁন। তিনি বলেছেন, অনেকের কণ্ঠরোধ করতে পারলেও তাঁর মতো হাতেগোনা কয়েকজন জামায়াত-শিবিরের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন লেখেন, গণঅভ্যুত্থানের পর ছাত্রবেশী আবরণ থেকে বেরিয়ে আসার পর সচেতন মানুষের কাছে জামায়াত-শিবির সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। তাঁর দাবি, দলটির আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। তারা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না; বরং সম্মিলিত সাইবার হামলা চালিয়ে কাউকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে।

তিনি আরও লেখেন, জামায়াত-শিবিরের মিথ্যা ন্যারেটিভ ভেঙে দেওয়ার পর দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। জাতীয় সংসদে জামায়াতের আমিরের বক্তব্য শুনলেই তাঁর বিরুদ্ধে দলটির ক্ষোভের কারণ বোঝা যায় বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য-প্রমাণ তুলে ধরা এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের পর আরেক সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশের প্রসঙ্গ উল্লেখ করেন। তাঁর দাবি, এসব ঘটনায় জামায়াত নেতাদের মুখোশ উন্মোচিত হয়েছে।
জামায়াত-শিবিরের সামাজিক অবস্থান নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, দলটির ভালো বন্ধু নেই এবং সভ্য সমাজের সচেতন মানুষ তাদের সঙ্গে মেশেন না। বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে, তাতে একসময় মানুষ তাদের ধারেকাছেও যেতে চাইবে না বলে মন্তব্য করেন তিনি।