পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে সমঝোতা হয়নি, আজ দুপুরে ফের বসছে মজুরি বোর্ড
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব করেছে মালিকপক্ষ। বিপরীতে শ্রমিকপক্ষ তাঁদের আগের দাবি কমিয়ে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে
বাংলাদেশ
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব করেছে মালিকপক্ষ। বিপরীতে শ্রমিকপক্ষ তাঁদের আগের দাবি কমিয়ে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে না পারায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা মুলতবি করা হয়েছে। মুলতবি হওয়া এই সভা আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা দুইটায় আবার শুরু হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে স্থগিত হওয়া তৃতীয় সভাটি অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ১২টায় শুরু হয়ে কয়েক দফা বিরতি দিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় পৌনে ৯ ঘণ্টা চলে এই বৈঠক।
মজুরি বোর্ড, বিজিএমইএ এবং শ্রমিক নেতাদের সূত্রে জানা গেছে, সভার শুরুতে মালিকপক্ষ ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা প্রস্তাব করেছিল। পরে দীর্ঘ যুক্তিতর্কের একপর্যায়ে দুই দফা সংশোধন করে তা ১৫ হাজার ৮০০ টাকায় উন্নীত করে তারা। অন্যদিকে, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা মজুরির দাবি জানিয়েছিল। গতকালের সভায় দুই দফা সংশোধনের পর শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ২২ হাজার টাকার প্রস্তাব দেন।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম।
সভার বিরতিতে গতকাল বিকেল পৌনে ৫টায় সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। সে সময় মালিকপক্ষের প্রস্তাবিত অঙ্কটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে অপারগতা জানিয়ে তিনি বলেন, “সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে মালিকপক্ষের প্রস্তাব এখনই প্রকাশ করা হবে না। শেষ পর্যন্ত বোর্ড যা সুপারিশ করবে এবং সরকার যা নির্ধারণ করবে, মালিকপক্ষ সেটিই বাস্তবায়ন করবে।”
মজুরি নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো তুলে ধরে তিনি জানান, মূল্যস্ফীতি, শ্রমিকদের পরিবারের নির্ভরশীল সদস্যসংখ্যা, ছোট ও মাঝারি কারখানার সক্ষমতা এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতার অবস্থান এসব দিক বিবেচনা করেই আলোচনা চলছে।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, “মালিকপক্ষ সব সময়ই কিছুটা কম প্রস্তাব দিয়ে শুরু করে। তাঁদের প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, আবার আমাদের প্রস্তাবও তাঁরা মানেননি।” তবে চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান।
অন্যদিকে, শিল্পের বর্তমান সংকটের ইঙ্গিত দিয়ে মালিকপক্ষের প্রতিনিধি রূপক অর্থে বলেন, “একটি হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দেয়। হাঁস যখন অসুস্থ হয়ে যায়, তখনো কি প্রতিদিন সোনার ডিম আশা করা যায়?”
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর প্রথম ও ৯ নভেম্বর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ১৬ নভেম্বর তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গতকাল অনুষ্ঠিত হলো।
এদিকে মজুরি বোর্ডের বৈঠক চলাকালেও গতকাল গাজীপুর ও সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে গাজীপুর অঞ্চলের প্রায় ৫৫টি কারখানায় উৎপাদন বন্ধ থাকে।
সকালে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম জানান, বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে, সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে গতকাল ৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই ওই এলাকার ২২টি কারখানা বন্ধ রয়েছে। সকাল সোয়া ৯টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীরা একটি বাস ও কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় তিন শ্রমিক আহত হন।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে, যার মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬টি।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

