প্রাথমিকে শিক্ষা সমাপনের হার ৯০%, উচ্চ মাধ্যমিকে পিছিয়ে: ইউনেস্কোর প্রতিবেদন
শিক্ষা
জার্নাল ডেস্ক
বাংলাদেশে তিন দশকের বেশি সময়ে শিক্ষায় ব্যাপক অগ্রগতি হওয়ার কথা জানিয়েছে ইউনেস্কো। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বলছে, এ ক্ষেত্রে মেয়েদের অগ্রগতি ছেলেদের তুলনায় বেশি।
প্রাথমিক শিক্ষা শেষ করার হার ১৯৯০ সালের ৩৪ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ৯০ শতাংশে পৌঁছেছে। নিম্ন মাধ্যমিকে এ হার বেড়ে হয়েছে ৭৪ শতাংশ। তবে উচ্চ মাধ্যমিকে তা ৩৮ শতাংশ।
সংস্থাটির ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট ২০২৬’-এ বাংলাদেশের শিক্ষা খাতের এই চিত্র তুলে ধরা হয়েছে।
ইউনেস্কো বলছে, দীর্ঘমেয়াদি এই অগ্রগতির পেছনে শিক্ষার প্রসারের পাশাপাশি বাল্যবিবাহ কমা, জন্মহার হ্রাস এবং শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বৃদ্ধির মতো আর্থসামাজিক পরিবর্তন বড় ভূমিকা রেখেছে।
গত মার্চে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
‘অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি: কাউন্টডাউন টু ২০৩০’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) আওতায় ২০৩০ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা সম্ভব না হলেও বাংলাদেশ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসারে বড় ধরনের সাফল্য দেখিয়েছে।
১৯৯০-এর দশকে প্রাথমিক শিক্ষা সমাপনের হার ছিল বছরে ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট এবং ২০১৫ সালের পর বছরে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট করে বেড়েছে।
উচ্চ মাধ্যমিকে দ্রু এগোনোর সুফল এখনো মেলেনি
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রাথমিকের পাশাপাশি নিম্ন মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হারও ১৯৯০ সালের ২৩ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।
এ হার ১৯৯০-এর দশকে বছরে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট, ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে ১ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট এবং ২০১৫ সালের পর বছরে ১ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট করে বেড়েছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষায় অগ্রগতি হয়েছে তুলনামূলক সাম্প্রতিক সময়ে। শিক্ষা সমাপনের হারের হিসাবে ১৯৯০-এর দশকে দক্ষিণ এশিয়া গড়ে যে গতিতে এগিয়েছে, তার ৪০ শতাংশ হারে অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে এ হার ছিল দক্ষিণ এশিয়ার গড় গতির ৬০ শতাংশ। তবে ২০১৫ সালের পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার চেয়ে দ্রুত এগিয়েছে।
২০২৪ সালে বাংলাদেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপনের হার আনুমানিক ৩৮ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার ৫৭ শতাংশের তুলনায় এখনও পিছিয়ে।
উচ্চ মাধ্যমিক স্তরের বয়সি তরুণদের স্কুলের বাইরে থাকার হার ২০০৫ সালে ছিল ৭২ শতাংশ, যা ২০২৩ সালের মধ্যে দুই-তৃতীয়াংশ কমে দক্ষিণ এশিয়ার গড় হার ৫৩ শতাংশের নিচে নেমে এসেছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো-ব্যানবেইসের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ২০০৯ সালের ৪২ শতাংশ থেকে অর্ধেকে নেমে ২০২৩ সালে ২১ শতাংশ হয়েছে।
শিক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশে মেয়েদের অগ্রগতি ছেলেদের তুলনায় অনেক বেশি। ইউনেস্কোর হিসাবে, ২০২৪ সালে নিম্ন মাধ্যমিক স্তরের বয়সি কিশোরীদের মাত্র ৪ শতাংশ স্কুলের বাইরে ছিল, যেখানে কিশোরদের ক্ষেত্রে এই হার ১৫ শতাংশ।
উচ্চ মাধ্যমিক স্তরের বয়সিদের ক্ষেত্রেও ২০১০-এর দশকের শুরু পর্যন্ত নারী ও পুরুষের স্কুলবহির্ভূত হার প্রায় সমান থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ব্যবধান ব্যাপক বেড়েছে।
২০২৪ সালের প্রশাসনিক তথ্য অনুযায়ী, এই স্তরে মেয়েদের তুলনায় ৮ শতাংশীয় পয়েন্ট বেশি তরুণ স্কুলের বাইরে রয়েছে; আর খানা জরিপভিত্তিক মডেলে এই ব্যবধান ১০ শতাংশীয় পয়েন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে বাংলাদেশের নারীদের অবস্থানের পরিবর্তন শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রেখেছে।
২০২২ সালের জনমিতি ও স্বাস্থ্য জরিপ (ডিএইচএস) অনুযায়ী, দেশে ৪০-৪৪ থেকে শুরু করে ৬০-৬৪ বছর বয়সী প্রতিটি শ্রেণির নারীদের মধ্যেই ১৮ বছরের আগে বিয়ের হার ৬০ শতাংশের ওপরে স্থির ছিল। তবে পরবর্তী প্রজন্মে তা প্রতি বছর ১ শতাংশীয় পয়েন্ট করে কমে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ক্ষেত্রে ৩৯ শতাংশে দাঁড়িয়েছে।
এ ছাড়া দেশে নারীর গড় সন্তান জন্মদানের হার ১৯৭৫ সালের ৬ দশমিক ৭ থেকে কমে ২০১৫ সালে ২ দশমিক ২-এ নেমে এসেছে। ১৯৯০ সাল থেকে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ প্রতি বছর শূন্য দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট করে বেড়ে ২০২৩ সালে ৪৪ শতাংশে পৌঁছেছে, যা ভারত (প্রায় ৩০ শতাংশ) ও পাকিস্তানের চেয়ে বেশি।
বিশেষ করে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের বিকাশ মেয়েদের বাল্যবিবাহ বিলম্বিত করতে এবং কর্মসংস্থানের আশায় পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেছে।
তবে কারখানায় কাজের সুযোগের কারণে ১৭ ও ১৮ বছর বয়সী মেয়েদের স্কুলে ভর্তির হারে সামান্য নেতিবাচক প্রভাব পড়েছে বলেও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
শিক্ষার প্রসারে ১৯৯৪ সালে চালু হওয়া ছাত্রী উপবৃত্তি কর্মসূচি (এফএসএসএপি) এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় ২০০৫ ও ২০১৩ সালে নেওয়া ঝরে পড়া শিশুদের জন্য ‘রস্ক’ (আরওএসসি) প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
পাশাপাশি ২০০২ থেকে ২০২২ সালের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬০০ থেকে বেড়ে প্রায় ৮ হাজারে উন্নীত হয়েছে এবং শিক্ষার্থী সংখ্যা ১০ গুণ বেড়ে ১৩ লাখে পৌঁছেছে, যাদের তিন-চতুর্থাংশই ছেলে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ঝরে পড়া কমাতে পাবলিক পরীক্ষা সহজ করার উদ্যোগের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। এর ফলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ২০০৪ সালের ৪৮ শতাংশ থেকে বেড়ে ২০১৪ সালে ৯৩ শতাংশে পৌঁছায় এবং কোভিড-১৯ মহামারির সময় সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাসের হার দাঁড়ায় ৯৫ শতাংশে।
তবে শিক্ষার সুযোগ বাড়াতে গিয়ে মানের সঙ্গে আপস করা হয়েছে বলে সমালোচনা রয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে ইউনেস্কো বলেছে, উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ ফল জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ৯০ শতাংশেরও বেশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হচ্ছে।
বৈশ্বিক চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের পর থেকে বিশ্বজুড়ে স্কুলবহির্ভূত শিশু কমার গতি স্থবির হয়ে পড়েছে। ২০২৪ সালে বিশ্বে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক বয়সী ২৭ কোটি ৩০ লাখ শিশু ও তরুণ-তরুণী স্কুলের বাইরে ছিল, যা প্রতি ছয়জনে একজন। ২০১৫ সালের তুলনায় এই সংখ্যা ৩ শতাংশ বেড়েছে।
বর্তমান ধারা অব্যাহত থাকলে বিশ্বব্যাপী উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ৯৫ শতাংশে পৌঁছাতে ২১০৫ সাল পর্যন্ত সময় লাগবে বলে সতর্ক করেছে ইউনেস্কো।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();


