কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বসতবাড়িটিকে পরিত্যক্ত বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে আগুনে পুড়ে যাওয়া বাড়ির ঘটনাকে শর্টসার্কিটের ফল বলে দাবি করা হয়েছে।
নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাচ্চাসহ ৬-৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী! পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটি ধ্বংসস্তূপকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, কয়েক কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট না থাকলে অন্যের বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতে পারে। তাঁর ভাষায়, সবাই দেশান্তরে থেকেও কয়েক গুণ সম্পত্তির মালিক হতে পারেন না।
পোস্টে নুসরাত তাবাসসুম বিএনপি সমর্থকদের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, তাঁর বিশ্বাস, এ হামলার পেছনে আওয়ামী লীগের সমর্থকেরা জড়িত। যদি তা-ই হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন ঘটনাটিকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা করলেন?
তিনি আরও লেখেন, ‘আমার সাতজন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয়, তাহলে ঢাবি এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও কি পরিত্যক্ত?’
পোস্টের শেষাংশে ‘ছিঃ’ লিখে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য।