1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের সংস্করণে প্রথমবারের মতো তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। একই তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন আরও দুই নারী মানবাধিকারকর্মী—ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা।

সম্প্রতি প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে স্থান পেয়েছেন তারেক রহমান। তালিকায় তাঁর রাজনৈতিক পরিচয়, নেতৃত্ব এবং বাংলাদেশের রাজনীতিতে ভূমিকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

প্রকাশনায় তারেক রহমানকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে।

প্রকাশনায় বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকেও তারেক রহমান বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তিনি।

এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। দীর্ঘ বিরতির পর দলটি আবার রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে।

তালিকায় বাংলাদেশের আরও দুই নারী

তারেক রহমান ছাড়াও ২০২৭ সালের তালিকায় বাংলাদেশের দুই নারী স্থান পেয়েছেন। তাঁরা হলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা। দুজনকেই সামাজিক বিষয়াবলি বা ‘সোশ্যাল ইস্যুজ’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ড. হামিদা হোসেন একজন প্রখ্যাত মানবাধিকারকর্মী ও গবেষক। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের ভূমিকার জন্য তিনি আন্তর্জাতিক পরিসরে পরিচিত। এ তালিকায় এর আগেও তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে।

অন্যদিকে, রাজিয়া সুলতানা একজন আইনজীবী ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা সংকট, শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের জন্য তিনি পরিচিতি পেয়েছেন।

আগের তালিকায় ছিলেন মুহাম্মদ ইউনূস

২০২৬ সালের আগের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

যেভাবে তৈরি হয় প্রভাবশালী মুসলিমদের তালিকা

প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়।

তালিকার বিশেষ নিয়ম অনুযায়ী, কেবল প্রথম ৫০ জনকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অবস্থান বা র‍্যাঙ্কিং দেওয়া হয় না। তাঁদের রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তিনজনই এই র‍্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews