জীবনে প্রেম এসেছে একাধিকবার। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তিনবার। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের বন্ধনে জড়াননি বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। দুই মেয়েকে নিয়ে একক মা হিসেবে জীবন কাটানো এই অভিনেত্রীর কাছে বিয়ের চেয়ে গুরুত্বপূর্ণ সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া।
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই রয়েছে। বিশেষ করে তাঁর প্রেম, সম্পর্ক এবং বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে নানা সময়ে। একাধিক সম্পর্কে জড়ালেও ৫১ বছর বয়সেও বিয়ের পিঁড়িতে বসেননি সাবেক এই বিশ্বসুন্দরী। তবে বিয়ে নিয়ে তাঁর ভাবনা যে একেবারে নেতিবাচক, তা নয়। বরং সঠিক মানুষের অপেক্ষায় রয়েছেন তিনি।
কেন বিয়ে করেননি সুস্মিতা? এ প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন একাধিকবার। তাঁর কথায় উঠে এসেছে সম্পর্কের অভিজ্ঞতা, ব্যক্তিগত স্বাধীনতা এবং নিজের মতো করে জীবন বেছে নেওয়ার গল্প।
তিনবার বিয়ের কাছাকাছি গিয়েও পিছিয়ে আসা
২০২২ সালে টুইঙ্কল খান্নার সঙ্গে ‘টুইক ইন্ডিয়া’র ‘দ্য আইকনস’ অনুষ্ঠানে আলাপচারিতায় বিয়ে না করার কারণ জানান সুস্মিতা।
অভিনেত্রী বলেন, ‘সৌভাগ্যক্রমে জীবনে বেশ কয়েকজন আকর্ষণীয় পুরুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। কিন্তু তাঁদের কাছ থেকে হতাশ হতে হয়েছে। এটাই আমার বিয়ে না করার একমাত্র কারণ।’
সাক্ষাৎকারে তিনি আরও জানান, জীবনে তিনবার বিয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলেন। প্রতিবারই বিয়ের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে গেলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।
তবে এসব অভিজ্ঞতাকে নেতিবাচকভাবে দেখেন না সুস্মিতা। তাঁর বিশ্বাস, ঈশ্বর তাঁকে এবং তাঁর দুই মেয়েকে সম্ভাব্য জটিলতা থেকে রক্ষা করেছেন।
সন্তান কখনো সম্পর্কের বাধা হয়ে দাঁড়ায়নি
সুস্মিতার জীবনের অন্যতম আলোচিত সিদ্ধান্ত বিয়ের আগেই সন্তান দত্তক নেওয়া। ২০০০ সালে রেনে নামের এক কন্যাশিশুকে দত্তক নেন তিনি। এরপর ২০১০ সালে পরিবারে আসে দ্বিতীয় মেয়ে আলিসা। দুই মেয়েকে নিয়েই একক মা হিসেবে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী।
তবে সন্তানদের কারণে বিয়ে করেননি, এমনটা নয়। ২০২২ সালের সাক্ষাৎকারে সুস্মিতা স্পষ্ট করেন, তাঁর জীবনে আসা মানুষদের সঙ্গে দুই মেয়ের সম্পর্ক ছিল আন্তরিক। সন্তানরা কখনো তাঁর ব্যক্তিগত সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
বরং মেয়েদের সঙ্গে নিজের সম্পর্কের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন তিনি। তাঁর কাছে মাতৃত্ব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের ভালোবাসা ও সম্পর্কের জায়গাটিও আলাদা।
বিয়ে নিয়ে সুস্মিতার সাম্প্রতিক বক্তব্যেও পাওয়া গেছে নতুন ইঙ্গিত। ২০২৬ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রাম লাইভে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি জানান, তিনিও বিয়ে করতে চান। তবে সে জন্য উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া জরুরি। শুধু বিয়ে করার জন্য বিয়ে করতে রাজি নন তিনি।
এরপর আগস্টে আরেকটি ইনস্টাগ্রাম লাইভে এক ভক্ত জানতে চান, কবে বিয়ে করবেন অভিনেত্রী। উত্তরে মজার ছলে সুস্মিতা বলেন, ‘এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকবেন আপনি আর আমিও।’
তাঁর এই মন্তব্যে বিয়ের বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের ইঙ্গিত মেলেনি। তবে বোঝা যায়, বিয়ের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি। সঠিক মানুষের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করার ইচ্ছা এখনো রয়েছে।
সুস্মিতার প্রেমজীবনে আলোচিত সম্পর্কগুলোর একটি ছিল মডেল রোহমান শলের সঙ্গে। দীর্ঘদিন তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের খবর জানান অভিনেত্রী।
তবে বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে বন্ধুত্ব বজায় থাকার কথা জানিয়েছিলেন সুস্মিতা। তিনি বলেছিলেন, বন্ধুত্ব দিয়েই তাঁদের সম্পর্কের শুরু, বন্ধুত্ব দিয়েই তা থাকবে। প্রেমের সম্পর্ক শেষ হলেও ভালোবাসা রয়ে গেছে।
এই বক্তব্যে সম্পর্কের প্রতি সুস্মিতার পরিণত দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। তাঁর কাছে একটি সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানেই সব ধরনের যোগাযোগ কিংবা শ্রদ্ধার অবসান নয়।
১৯৭৫ সালের ১৯ নভেম্বর ভারতের হায়দরাবাদে জন্ম সুস্মিতা সেনের। ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জিতে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি। প্রথম ভারতীয় নারী হিসেবে এই খেতাব অর্জন করে ইতিহাস গড়েন।
১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘বিবি নম্বর ওয়ান’, ‘ফিজা’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। পরবর্তী সময়ে ‘আরিয়া’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে নতুন করে প্রশংসা অর্জন করেন তিনি।
আজ ১৯ নভেম্বর ৫১ বছরে পা দিলেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবন, প্রেম-বিচ্ছেদের নানা অভিজ্ঞতা এবং একক মা হিসেবে দুই মেয়েকে বড় করে তোলার মধ্য দিয়ে নিজের মতো করে জীবন সাজিয়েছেন সুস্মিতা।
তাঁর জীবনের গল্পে বিয়ে না করার সিদ্ধান্তের চেয়েও বড় হয়ে উঠেছে নিজের শর্তে বাঁচার প্রত্যয়। বিয়ে তাঁর কাছে এখনো একটি সম্ভাবনা, তবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সামাজিক চাপ কিংবা বয়স নয়, গুরুত্ব পাবে ভালোবাসা ও সঠিক জীবনসঙ্গী।