রোহিঙ্গা গণহত্যা রায়ের অনুপযুক্ত অংশগুলো মানবে না মিয়ানমার
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া গণহত্যার রায়ের 'অনুপযুক্ত' অংশগুলো মিয়ানমার মেনে চলবে না বলে জানিয়েছেন দেশটির নেতা মিন অং হ্লাইং। আদালতের ওই সিদ্ধান্তের পর এটিই তাঁর প্রথম প্রকাশ্য মন্তব্য।
গত সপ্তাহে আইসিজের দেওয়া ঐতিহাসিক রায়ে ২০১৭ সালের সামরিক অভিযানে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হয়। ওই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হন এবং ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে যেতে বাধ্য হন।
মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবে তাদের বাহিনী ওই পদক্ষেপ নিয়েছিল। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়া প্রথম রাষ্ট্র হলো মিয়ানমার।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মিন অং হ্লাইং বলেছেন, 'গণহত্যা শব্দটি দেশের সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।'
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অনুযায়ী, বুধবার এক বৈঠকে অভ্যুত্থানের নেতা থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া মিন অং হ্লাইং বলেন, 'একটি দায়িত্বশীল দেশের জন্য যা উপযুক্ত, মিয়ানমার সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। কিন্তু যেসব শর্তকে দেশটি অনুপযুক্ত মনে করবে, তা মেনে চলবে না।'
তবে রায়ের ঠিক কোন অংশগুলোতে দেশটির আপত্তি রয়েছে, বিবৃতিতে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা এই গণহত্যা মামলাটি মূলত ২০১৭ সালে রাখাইন রাজ্যে শুরু হওয়া তথাকথিত 'শুদ্ধি অভিযান'কে কেন্দ্র করে পরিচালিত হয়, যেখানে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বড় অংশ বসবাস করত।
আইসিজে নির্ধারণ করেছে যে ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং ৭ লাখের বেশি মানুষ হেঁটে বা সমুদ্রপথে বাংলাদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হয়। আদালত দেখতে পেয়েছেন যে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা কোনো না কোনোভাবে এই অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।
বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত প্যানেলে ৯-৬ ভোটে এই রায় দেওয়া হয়।
আইসিজে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আরও জানিয়েছে যে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছে।
এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।
আইসিজে মিয়ানমারকে আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে ক্ষতিপূরণের সঠিক পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
আদালত মিয়ানমারকে চলমান নির্যাতন ও লঙ্ঘন বন্ধ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি যাঁদের বিরুদ্ধে সনদ ভঙ্গের সন্দেহ রয়েছে, তাঁদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করতেও বলা হয়েছে।
তবে এসব নির্দেশ কার্যকর করার মতো নিজস্ব ক্ষমতা আইসিজের নেই। নিজেদের রায় বাস্তবায়নের জন্য আদালতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয়।
রায়টি মূলত প্রতীকী হলেও রোহিঙ্গা সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো একে স্বাগত জানিয়েছে। তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের দুর্দশার বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছিল।
ইতিমধ্যে এক ডজনেরও বেশি দেশ আইসিজের এই রায়কে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য মিয়ানমারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।
২০২১ সালে বেসামরিক নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে মিন অং হ্লাইং সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার পর থেকেই গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়ে আছে মিয়ানমার। এই পদক্ষেপের ফলে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ে এবং এর সামরিক শাসকগোষ্ঠীকে ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়।
এর পর থেকেই মিয়ানমারকে আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যুক্ত করার চেষ্টা চালাচ্ছেন মিন অং হ্লাইং। তবে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অঙ্গনগুলো থেকে দেশটি এখনো বড় পরিসরে বাদ পড়ে আছে।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

