জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজ যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। এমনকি তিনি নিজে চাঁদাবাজ হলেও যেন ছাড় দেওয়া না হয়।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির বলেন, ‘কে চাঁদাবাজ, এগুলো নিয়ে ঠেলাঠেলি হচ্ছে। ঠেলাঠেলির দরকার কী? যেই চাঁদাবাজ, তারেই ধরেন। সেই চাঁদাবাজ আমি হলেও আমাকে হ্যান্ডকাপ পরায়ে দেন। আমাকেও ছাড়বেন না। চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ জনগণ।’
তিনি বলেন, বর্তমানে দ্রব্যমূল্য দ্বিগুণ-তিনগুণ হওয়ার অন্যতম কারণ চাঁদাবাজি। শিল্প খাতের একজন মালিক চাঁদাবাজি নিয়ে আক্ষেপ করে কথা বলেছেন। গতকাল সংসদেও একজন সংসদ সদস্য বিষয়টি তুলে ধরেছেন। এ কারণে তিনি একই কথা আর বলতে চান না।
জামায়াত আমির আরও বলেন, ‘আমরা সরকারি দল-বিরোধী দল এখানে যারা বসে আছি—সবাই এটা ফিল করি। আমরা সবাই যেহেতু এটা ফিল করি, তাহলে কেন চাঁদাবাজি বন্ধ করতে পারব না! আমরা পারব। শুধু একটি মজবুত সিদ্ধান্তের প্রয়োজন। সেই সিদ্ধান্তটা আমার দৃষ্টিতে এখনো নেওয়া হয়নি।’