শুটিং শেষে কৃতজ্ঞতার উপহার, সালমান-শাহরুখদের ব্যতিক্রমী আয়োজন
শুটিং শেষে সহশিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গাড়ি, বিলাসবহুল ঘড়ি, মোটরসাইকেল ও স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন সালমান খান, শাহরুখ খান, কমল হাসান, মামুত্তি ও রামচরণের মতো তারকারা।
বিনোদন
বিনোদন ডেস্ক
শুটিং শেষ মানেই সম্পর্কের ইতি নয়। কোনো কোনো ছবির সেটে তৈরি হয় এমন বন্ধুত্ব, এমন আত্মিক সম্পর্ক, যা শুটিং শেষ হওয়ার পরও অটুট থেকে যায়। সেই ভালো লাগা কিংবা কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হিসেবে তারকারা কখনো সহশিল্পীকে উপহার দিয়েছেন দামি গাড়ি, কখনো বিলাসবহুল ঘড়ি, আবার কখনো পুরো ছবির কলাকুশলীদের হাতে তুলে দিয়েছেন মূল্যবান উপহার।
সাম্প্রতিক সময়ে সালমান খানের এমনই এক উপহার নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিজের আসন্ন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর দলের সদস্যদের জন্য সুইস ঘড়ি উপহার দিয়েছেন তিনি। তবে বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে এমন ঘটনা নতুন নয়। শাহরুখ খান, কমল হাসান, মামুত্তি, এস এস রাজামৌলির মতো তারকারাও বিভিন্ন সময়ে সহশিল্পী ও পরিচালকদের চমকে দিয়েছেন ব্যয়বহুল কিংবা স্মরণীয় উপহার দিয়ে।
উপহারের অঙ্ক যত বড়ই হোক, এসব ঘটনার পেছনে অনেক সময় কাজ করেছে কৃতজ্ঞতা, বন্ধুত্ব কিংবা দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক।
সালমান খানের ঘড়িতে চমক ‘মাতৃভূমি’র দল
১২ নভেম্বর মুম্বাইয়ের পানভেলে নিজের খামারবাড়িতে ‘মাতৃভূমি’ ছবির দলের সদস্যদের আমন্ত্রণ জানান সালমান। প্রথমে তাঁদের জানানো হয়েছিল, ছবির প্রচারণা নিয়ে আলোচনা হবে। কিন্তু সেখানে গিয়ে অপেক্ষা করছিল অন্য রকম চমক।
২০ থেকে ২৫ জন অভিনয়শিল্পী ও কলাকুশলীকে সুইস বিলাসবহুল ঘড়ি উপহার দেন সালমান। প্রতিটি ঘড়ির দাম দুই থেকে ছয় লাখ রুপি। পুরুষ সদস্যদের দেওয়া হয়েছে লংজিনস ও ট্যাগ হয়ার ব্র্যান্ডের ঘড়ি, আর নারী সদস্যরা পেয়েছেন রাডোর ঘড়ি। ছবিটির নির্মাণে দীর্ঘসূত্রতা ও নানা বাধার মধ্যেও যাঁরা কাজ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই আয়োজন।
কমল হাসানের গাড়ি, ঘড়ি, ১৩ মোটরসাইকেল
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে উপহার দেওয়ার আলোচিত ঘটনাগুলোর একটি ঘটেছিল ২০২২ সালে। ‘বিক্রম’ ছবির অভাবনীয় সাফল্যের পর পরিচালক লোকেশ কানাগরাজকে একটি লেক্সাস গাড়ি উপহার দেন অভিনেতা কমল হাসান।
তবে শুধু পরিচালককে উপহার দিয়েই থেমে থাকেননি কমল হাসান, ছবির ১৩ জন সহকারী পরিচালককে দিয়েছেন একটি করে অ্যাপাচি আরটিআর ১৬০ মোটরসাইকেল।
এখানেই শেষ নয়; ছবিতে মাত্র কয়েক মিনিটের জন্য দেখা গিয়েছিল অভিনেতা সুরিয়াকে। তাঁর চরিত্রের নাম ছিল ‘রোলেক্স’। সেই চরিত্রের সঙ্গে মিল রেখে সুরিয়াকে নিজের ব্যবহৃত একটি রোলেক্স ঘড়ি উপহার দেন কমল। সুরিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে কৃতজ্ঞতাও জানান।
শাহরুখের গাড়ি উপহার দেওয়ার অভ্যাস
শাহরুখ খানের উপহার দেওয়ার গল্প বললে প্রথমেই আসে পরিচালক ও দীর্ঘদিনের বন্ধু ফারাহ খানের নাম। তাঁদের বন্ধুত্বের শুরু ‘ম্যায় হুঁ না’ ছবির সময় থেকে। পরে ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিতেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা।
ফারাহর ভাষ্য অনুযায়ী, শাহরুখের সঙ্গে প্রতিটি ছবি শেষ করার পরই তিনি গাড়ি উপহার পেয়েছেন। ‘ম্যায় হুঁ না’র পর হুন্দাই টেরাকান, ‘ওম শান্তি ওম’-এর পর মার্সিডিজ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পরও একটি মার্সিডিজ এসইউভি উপহার দেন শাহরুখ। ২০২৫ সালে এক সাক্ষাৎকারে মজা করে ফারাহ বলেছিলেন, আবার শাহরুখের সঙ্গে ছবি বানাতে চান; কারণ, তাঁর নতুন গাড়ি দরকার!
শুধু ফারাহ নন, সহশিল্পীদেরও দামি উপহার দিয়েছেন শাহরুখ। ‘রা.ওয়ান’ ছবির সাফল্যের পর অভিনেতা অর্জুন রামপাল, পরিচালক অনুভব সিনহা এবং রজনীকান্তকে একটি করে বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার খবর প্রকাশিত হয়েছিল। আবার ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের জন্য সালমান খানকেও একটি মার্সিডিজ গাড়ি উপহার দিয়েছিলেন তিনি।
শাহরুখের উপহারের তালিকায় আছে আরেকটি মজার ঘটনা। ‘চালতে চালতে’ ছবিতে ভাষ্য দেওয়ার জন্য শেখর সুমনকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। কাজ শেষে পারিশ্রমিক হিসেবে বড় অঙ্কের একটি চেক পাঠান শাহরুখ। কিন্তু বন্ধুত্বের খাতিরে সেই অর্থ নিতে চাননি শেখর। পরে শাহরুখ তাঁকে একটি দামি ঘড়ি পাঠান। ২০২৬ সালের মে মাসে এক সাক্ষাৎকারে পুরোনো সেই স্মৃতি সামনে আনেন শেখর। তাঁর কাছে এখনো ঘড়িটি স্মারক হিসেবে আছে।
মামুত্তির কাছেও রোলেক্সের গল্প
কমল হাসানের কাছ থেকে সুরিয়ার রোলেক্স পাওয়ার ঘটনা অনুপ্রাণিত করেছিল মালয়ালম সিনেমার মহাতারকা মামুত্তিকেও। ২০২২ সালে ‘ররশাখ’ ছবির সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে সহশিল্পী আসিফ আলীকে একটি রোলেক্স ঘড়ি উপহার দেন তিনি।
‘ররশাখ’ ছবিতে আসিফ অভিনয় করেছিলেন মুখোশ পরা এক রহস্যময় চরিত্রে। পুরো ছবিতে তাঁর মুখ দেখা যায়নি, শুধু চোখের অভিব্যক্তি দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন তিনি। মামুত্তি অনুষ্ঠানে আসিফের অভিনয়ের প্রশংসা করেন।
মজার ব্যাপার হলো, দুবাইয়ে ছবির শুটিংয়ের সময় আসিফ মামুত্তিকে বলেছিলেন, কমল হাসান সুরিয়াকে রোলেক্স দিয়েছেন, তাঁকেও এমন একটি ঘড়ি দেওয়া যায় কি না। ছবির সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে সেই আবদারই পূরণ করেন মামুত্তি। অনুষ্ঠানে মামুত্তির ছেলে দুলকার সালমানও উপস্থিত ছিলেন। তিনিও ছবির পুরো দলকে বিশেষ উপহার দিয়ে চমকে দেন।
৩৫ কলাকুশলীকে স্বর্ণমুদ্রা রামচরণের
শুধু দামি ঘড়ি কিংবা গাড়ি নয়, স্বর্ণমুদ্রাও উপহার পেয়েছেন সিনেমার কলাকুশলীরা। ২০২২ সালে ‘আরআরআর’ ছবির সাফল্যের পর অভিনেতা রামচরণ প্রায় ৩৫ জন প্রযুক্তিবিদ ও নেপথ্যের কর্মীকে স্বর্ণমুদ্রা উপহার দেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রত্যেককে দেওয়া হয়েছিল ১১ দশমিক ৬ গ্রাম ওজনের একটি করে স্বর্ণমুদ্রা। প্রতিটির দাম ছিল ৫৫ থেকে ৬০ হাজার রুপি। সব মিলিয়ে উপহারের আর্থিক মূল্য দাঁড়িয়েছিল প্রায় ১৮ লাখ রুপি।
উপহার দেওয়ার আগে নিজের হায়দরাবাদের বাড়িতে তাঁদের আপ্যায়ন করেন রামচরণ। এরপর মিষ্টির সঙ্গে স্বর্ণমুদ্রা তুলে দেন প্রত্যেকের হাতে। ছবির সাফল্যের পেছনে ক্যামেরার সামনে থাকা অভিনয়শিল্পীদের পাশাপাশি ক্যামেরার পেছনের মানুষদেরও অবদান রয়েছে—সেই স্বীকৃতি দিতেই তাঁর এ আয়োজন।
প্রভাসকে বাহুবলীর বর্ম উপহার
কোনো কোনো উপহার হয়ে ওঠে স্মৃতির অংশ। এস এস রাজামৌলির কাছ থেকে এমনই একটি উপহার পেয়েছিলেন প্রভাস।
‘বাহুবলী’ ছবির জন্য প্রায় পাঁচ বছর সময় দিয়েছিলেন প্রভাস। চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠন বদলেছেন, অন্য ছবিতে কাজের সুযোগও এড়িয়ে গেছেন। এই দীর্ঘ পরিশ্রম ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ মুক্তির আগে তাঁকে ছবিতে ব্যবহৃত বাহুবলীর বর্মটি উপহার দেন পরিচালক রাজামৌলি।
প্রভাসের সঙ্গে নিজের দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও বলেছিলেন রাজামৌলি। তাঁর ভাষায়, বাহুবলী চরিত্রের জন্য প্রভাসের মতো আর কাউকে ভাবতে পারেননি তিনি। উপহারটি তাই কেবল একটি পোশাক বা সিনেমার স্মারক ছিল না, ছিল একসঙ্গে কাটানো দীর্ঘ পাঁচ বছরের পরিশ্রমের স্বীকৃতি।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

