‘একটা মারলে দুইটা মারব। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেব’—এমন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। তাঁর দেওয়া একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে ফটোকার্ডটি প্রকাশ করেন তিনি। এতে লেখা ছিল, ‘একটা মারলে দুইটা মারব! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।—মুফতি আমির হামজা।’
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তাঁকে বলতে শোনা যায়, ‘সবর-মবর (অপেক্ষা) এখন বাদ। না, না, কোনও সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই, মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারব, সেই ব্যবস্থা…।’

তবে রাত সাড়ে ১০টার পর ফটোকার্ডটি তাঁর ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নেওয়ার আগে কার্ডটিতে প্রায় ২১ হাজার ৮০০ রিঅ্যাকশন, ১ হাজার ৯০০ মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার পড়েছিল।
জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও দল মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুর করা হয় এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনার পরদিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, ‘আমি সেখানে বলে এসেছি, যত দিন রাস্তা ঠিক না হবে, তত দিন এখানে কোনও ডাম্প ট্রাক চলবে না।’
এর কয়েক দিন পর জামায়াতের স্থানীয় কার্যালয় ও কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এদিকে ফেসবুকে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।