পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে সেতুতে ফেলে পালিয়ে গেছেন মোটরসাইকেলচালক।
শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, নিহত তরুণী মোটরসাইকেলের আরোহী ছিলেন। মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়লে চালক তাকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান।
পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহযোগিতায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।