
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানির সব মামলা প্রত্যাহার হবে: আইনমন্ত্রী
ধর্ষণ মামলা ছাড়া হত্যা মামলাসহ অন্য যেকোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়ে থাকলে যাচাই করে প্রত্যাহারের কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ পর্যন্ত ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
ধর্ষণ মামলা ছাড়া হত্যা মামলাসহ অন্য যেকোনো মামলা রাজনৈতিক কারণে করা হয়ে থাকলে, তা যাচাই করে প্রত্যাহারের কথা বলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা সরকার প্রত্যাহার করেছে বলেও তথ্য দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেছেন, আরও যেসব মামলা রয়েছে, সেগুলো যাচাই করে ‘রাজনৈতিক হয়রানি’ করার প্রমাণ মিললে প্রত্যাহার করা হবে।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আইনমন্ত্রী বলেন, “যাদের বিরুদ্ধে এখনো মামলা আছে, শুধুমাত্র রেপ কেস বাদে অন্য যেকোনো ধরনের মামলা—হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক নেচারে হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব।”
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে রাজনৈতিক মামলা প্রত্যাহারের তথ্য তুলে ধরেন তিনি।
এই সংসদ সদস্য বলেন, ‘‘বিগত ‘ফ্যাসিস্ট’ আমলে সারা দেশে বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা করা হয়েছে। এসব মামলার অনেকগুলো এখনো নিষ্পত্তি হয়নি। ফলে হাজার হাজার নিরপরাধ মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।’’
এসব মামলা কেন এখনো নিষ্পত্তি হয়নি, কবে নাগাদ নিষ্পত্তি হবে এবং এ বিষয়ে সরকারের কোনো রোডম্যাপ রয়েছে কি না, তা জানতে চান কেরামত আলী।
জবাবে আইনমন্ত্রী বলেন, ‘‘রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কাজ অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও গতিশীল করতে উদ্যোগ নিয়েছে।’’
এ জন্য গত ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
আইনমন্ত্রী বলেন, ‘‘এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। নতুন আবেদন পাওয়া গেলে জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’’
‘৮৬ মামলা’, যা বললেন ফারুক
সম্পূরক প্রশ্নে নোয়াখালী-২ আসনের বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক নিজের বিরুদ্ধে থাকা মামলার কথা বলেছেন।
তিনি বলেন, “আমার নামে আছে ৮৬টা মামলা, ৮৬।”
বিগত সরকারের বিরোধিতা করে সংসদে বক্তব্য দেওয়ার কারণে একই দিনে ৬৪ জেলায় তাঁর বিরুদ্ধে ৬৪টি মামলা হওয়ার কথা বলেছেন বিএনপির এই সংসদ সদস্য।
এসব মামলা এখনো প্রত্যাহার না হওয়ার কথা তুলে ধরে ফারুক বলেন, “সে মামলাগুলো উইথড্র তো দূরের কথা, এত লেখালেখির পরও এখনো উইথড্র হয় নাই।”
সরকার যে ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহারের কথা বলছে, সেগুলোর বিস্তারিত তালিকা সংসদে উপস্থাপনের দাবি জানান তিনি।
কোন জেলা, থানা, উপজেলা ও ইউনিয়নে কত মামলা প্রত্যাহার হয়েছে, সেই তথ্য পরবর্তী অধিবেশনে জানাতে আইনমন্ত্রীকে অনুরোধ করেন জয়নুল আবদিন ফারুক। বিশেষ করে তরুণ সংসদ সদস্যদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হয়েছে কি না, তা জানতে চান তিনি।
‘আবেদন করলে মামলা প্রত্যাহার’
জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোনো মামলা দায়েরের সময় সেটি রাজনৈতিক মামলা কি না, তা আলাদা করে লেখা থাকে না। এ কারণে রাজনৈতিক হয়রানির শিকার নেতা-কর্মীদের নির্ধারিত ফরমে মামলা প্রত্যাহারের আবেদন করতে বলা হয়েছে।
তিনি বলেন, “মাননীয় এমপি সাহেবের নামে যদি মামলা থাকে, আমি ওনাকে অনুরোধ করব, অতি দ্রুত আপনি এই দরখাস্ত করেন, আমরা সেই মামলা প্রত্যাহার করে নেব।”
মামলা প্রত্যাহারের ক্ষেত্রে তিন ধরনের পরিস্থিতির কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়নি, জুলাই গণঅভ্যুত্থানের পর সেগুলোর অধিকাংশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে, কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়ায় নেওয়া হয়েছে।
আর যেসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে, সেগুলোও প্রত্যাহার করা হচ্ছে বলে জানান তিনি।
তবে কেউ কেউ মামলা প্রত্যাহারের আবেদন না করে আদালতের মাধ্যমে খালাস পেতে চান বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান।
এ প্রসঙ্গে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মামলার কথা তুলে ধরেন তিনি।
আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক নিপীড়নের শিকার ব্যক্তিদের মধ্যে খালেদা জিয়া ও তারেক রহমান অন্যতম। তাঁরা কখনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি।
তিনি বলেন, “তারা তাদের মামলা প্রত্যাহারের কোনো দরখাস্ত কখনো করেননি। আদালতের মাধ্যমে তাদের মামলাগুলো আমরা নিষ্পত্তি করেছি।”
আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তির বিষয়টিকে কোনো অনুকম্পা না নিয়ে আইনি প্রক্রিয়ায় প্রতিকার পাওয়ার উদাহরণ হিসেবে তুলে ধরেন আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘‘অনেকে খালেদা জিয়ার অনুসারী হিসেবে মামলা প্রত্যাহারের আবেদন না করে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত থেকে খালাস পাওয়ার পথ বেছে নিয়েছেন।’’
যাদের বিরুদ্ধে এখনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা রয়েছে, তাঁদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান জানান আইনমন্ত্রী।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

