ডাকাতি, খুন, চুরি, অপহরণ ও মারামারিসহ ১৭ মামলার আসামি কিশোরগঞ্জের হাওরের দুর্ধর্ষ ডাকু হযরত আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইটনা থানা পুলিশের ১৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান অভিযানে নেতৃত্ব দেন। এছাড়া এসআই সজীব কুমার দত্ত, এসআই একেএম মোশারফ হোসেন, এসআই মো. সালাহ উদ্দিন, এসআই মো. সামছুল আলম সাব্বির, এএসআই আলমগীর ভূইয়া, এএসআই মোস্তাক হোসেন, এএসআই মো. মেহেদী হাসান এবং সঙ্গীয় ফোর্স এই সাঁড়াশি অভিযানে অংশ নেন। গ্রেপ্তার হওয়া হযরত আলী জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, সে আন্ত:জেলা ডাকাতদলের একজন সক্রিয় সদস্য এবং হাওরাঞ্চলে নৌডাকাতিসহ চুরি ও ডাকাত দলের গ্যাং লিডার। তার নামে ইটনা ও মিঠামইন থানায় একাধিক খুন ও ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে হাওর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো। জেলা পুলিশের কাছে ছিলো সে মোস্ট ওয়ান্টেড।
ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান জানান, বিগত বর্ষা মৌসুমে হাওরে একাধিক ডাকাতি ঘটনায় হযরত ডাকাত নেতৃত্ব দিয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করলেও সে কৌশলে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আসছিলো। বুধবার রাতে উপজেলার ছিলনী সেতু এলাকায় অবস্থান করে সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পার্শ্ববর্তী কাকটেঙ্গুর গ্রামের দিকে সরে গিয়ে আত্মগোপন করে। তাকে ধরতে রাতভর গ্রাম এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এরপরও তাকে ধরতে না পারায় পুলিশ দিনের বেলায়ও অভিযান অব্যাহত রাখে।
অবশেষে বেলা আড়াইটার দিকে কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।