হিমু আজও হেঁটে বেড়ান হলুদ পাঞ্জাবি গায়ে। মিসির আলী এখনো মানুষের মনোজগতের রহস্য উন্মোচন করেন। আর কোথাও যেন অপেক্ষায় আছেন বাকের ভাই। স্রষ্টা নেই, অথচ তার সৃষ্ট চরিত্রগুলো আজও বেঁচে আছে পাঠক ও দর্শকের কল্পনায়। সহজ ভাষা, জীবনঘনিষ্ঠ গল্প আর অসাধারণ সব চরিত্র দিয়ে কয়েক প্রজন্মকে বই পড়তে আগ্রহী করে তোলা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ।
‘বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই’—জীবনের প্রতি এমন মুগ্ধতা ছড়িয়ে আছে তার অসংখ্য গল্প, উপন্যাস ও লেখায়। বাংলা সাহিত্যে তিনি শুধু জনপ্রিয় লেখকই ছিলেন না, ছিলেন নতুন পাঠক তৈরির অন্যতম কারিগরও। বইমেলায় তার নতুন বই প্রকাশ মানেই ছিল পাঠকের উপচে পড়া ভিড়। প্রিয় লেখকের অটোগ্রাফ নিতে কিংবা একনজর দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন ভক্তরা। বাংলা বইয়ের জগতে সেই উন্মাদনা তৈরি করেছিল এক অনন্য অধ্যায়।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়জুর রহমান আহমদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে সেখানেই শিক্ষকতা শুরু করেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তবে একসময় শিক্ষকতার চেয়ে লেখালেখিই হয়ে ওঠে তার প্রধান পরিচয়।
১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই সাহিত্যাঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন হুমায়ূন আহমেদ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘কোথাও কেউ নেই’, ‘দেয়াল’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘আগুনের পরশমণি’র মতো অসংখ্য বই দিয়ে সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্য।
তার লেখার অন্যতম শক্তি ছিল সহজ ও সাবলীল ভাষা। মধ্যবিত্ত পরিবারের চেনা জীবন, প্রেম-বিরহ, হাসি-কান্না, পারিবারিক টানাপোড়েন কিংবা মানুষের মনের জটিল অনুভূতি—সবকিছুই তিনি তুলে ধরেছেন অনায়াস ভঙ্গিতে। এ কারণেই তার লেখা হয়ে উঠেছিল নানা বয়সী পাঠকের আপন জগৎ।
হুমায়ূন আহমেদের সাহিত্যজগতের অন্যতম বড় আকর্ষণ তার সৃষ্ট চরিত্রগুলো। হিমু, মিসির আলী ও শুভ্র—প্রতিটি চরিত্রই পেয়েছে আলাদা পাঠকগোষ্ঠী। হলুদ পাঞ্জাবি পরা ভবঘুরে হিমু তরুণদের কাছে হয়ে উঠেছিল প্রচলিত জীবনের বাইরে গিয়ে ভাবার প্রতীক। অন্যদিকে যুক্তি ও মনস্তত্ত্বের মিশেলে গড়ে ওঠা মিসির আলী রহস্যের আড়ালে মানুষের মনকে চিনতে শিখিয়েছেন পাঠকদের।
বইয়ের পাতার পাশাপাশি টেলিভিশন নাটকেও তৈরি করেছিলেন নিজের স্বতন্ত্র জগৎ। আশির দশকে নাট্যকার হিসেবে আত্মপ্রকাশের পর ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’ ও ‘আজ রবিবার’-এর মতো নাটক ও ধারাবাহিক তাকে পৌঁছে দেয় ঘরে ঘরে।
বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি আজও বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। নাটকের শেষ পরিণতি নিয়ে দর্শকদের প্রতিবাদ, ক্ষোভ ও আবেগ প্রমাণ করেছিল, কাল্পনিক চরিত্রকেও মানুষ কতটা আপন করে নিতে পারে।
চলচ্চিত্র নির্মাণেও ছিল তার উল্লেখযোগ্য অবদান। ১৯৯৪ সালে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মাণ করেন তার প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্র নির্মাণ করেন। গল্প বলার নিজস্ব ধরন, সংগীতের ব্যবহার এবং মানবিক সম্পর্কের সূক্ষ্ম উপস্থাপনা তার চলচ্চিত্রকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়। চলচ্চিত্রের জন্য গানও লিখেছেন তিনি। ‘একটা ছিল সোনার কন্যা’, ‘আমার ভাঙা ঘরে’ ও ‘যদি মন কাঁদে’র মতো গান আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়।
সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদক পান হুমায়ূন আহমেদ। তার প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক। বাংলাদেশের প্রকাশনা শিল্পের বিকাশ এবং নতুন পাঠক তৈরিতেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
২০১১ সালে তার শরীরে মলাশয়ের ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দীর্ঘ লড়াই শেষে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পরে গাজীপুরের পিরুজালীতে নিজের গড়ে তোলা নুহাশপল্লীর প্রিয় লিচুতলায় তাকে সমাহিত করা হয়।
তার চলে যাওয়ার এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু বইয়ের দোকানে তার বইয়ের চাহিদা কমেনি। টেলিভিশনে নাটক ও চলচ্চিত্রের পুনঃপ্রচারেও দর্শকের আগ্রহ অটুট। নতুন প্রজন্মের পাঠকেরাও খুঁজে নিচ্ছেন হিমু, মিসির আলী কিংবা শুভ্রকে। এভাবেই সময়ের সীমানা পেরিয়ে হুমায়ূন আহমেদ রয়ে গেছেন মানুষের ভালোবাসায়।
জন্মদিনে নেত্রকোনার জন্মস্থান, গাজীপুরের নুহাশপল্লীসহ দেশের বিভিন্ন স্থানে তাকে স্মরণ করছেন ভক্ত-অনুরাগীরা। বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও থাকছে বিশেষ আয়োজন। লেখক নেই, কিন্তু তার সৃষ্টির জগৎ এখনো জীবন্ত পাঠকের মনে, দর্শকের স্মৃতিতে এবং বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে।