ভারতে ভোটার তালিকা সংশোধনের পর নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বহু মুসলিম। তাঁদের কারও বিরুদ্ধে বিদেশি নাগরিক হওয়ার অভিযোগ তুলে আটক করা হচ্ছে, আবার কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন ভারতের নাগরিকত্ব দাবি করা অনেকে।
এমনই একজন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ে নিজের বাসা থেকে সবজি কিনতে বের হয়েছিলেন তিনি। সন্তানকে জানিয়েছিলেন, অল্প সময়ের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আর পরিবারের কাছে ফেরা হয়নি তাঁর। বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে রয়েছেন সাহিদা।
সাহিদার অভিযোগ, সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্য তাঁকে আটক করে গাড়িতে তুলে নেন। এ সময় তাঁর মুঠোফোনটিও কেড়ে নেওয়া হয়। ফোনে থাকা পরিচয়সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র দেখানোর সুযোগ পাননি তিনি। পরে তাঁকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের নথিতে আটককারী ব্যক্তিদের মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে অবস্থান করে সাহিদা জানান, পেছন থেকে একজন তাঁর হাত ধরে গাড়িতে উঠতে বলেন। কী ঘটছে, তা বুঝে ওঠার আগেই তাঁকে নিয়ে যাওয়া হয়।
এ ধরনের ঘটনার বিষয়ে ১০টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে বার্তা সংস্থা রয়টার্স। তাঁদের অভিযোগ, ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে স্বজনদের নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ, আটক কিংবা দেশ থেকে বিতাড়নের ঘটনা ঘটেছে। অথচ তাঁদের অনেকের কাছেই ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথিপত্র রয়েছে। এমনকি তাঁদের বাবা-মা ও ভাইবোনদের নামও ভোটার তালিকায় বহাল রয়েছে।
ভারতে সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। বিভিন্ন তথ্য-উপাত্তে দেখা গেছে, এ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশটির বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের ওপর।
বিশেষ করে পশ্চিমবঙ্গে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশ মুসলিমদের। অথচ পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ মুসলিম।
বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে ভোটার তালিকা সংশোধনের অভিযোগ উঠলেও বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি।
গত ৫ নভেম্বর হরিয়ানায় এক নির্বাচনি সমাবেশে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়ার বিষয়টি একসঙ্গে উল্লেখ করেন।
তিনি বলেন, অনুপ্রবেশকারীদের প্রথমে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। এরপর তাঁদের শনাক্ত করে দেশ থেকে বিতাড়ন করা হবে।
বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে চলমান ধরপাকড়ের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বহু মানুষ দুই দেশের মধ্যে সীমান্ত পেরিয়ে বসতি গড়েন। ফলে দুই বাংলার অনেক পরিবারের আত্মীয়স্বজন দুই দেশেই বসবাস করছেন। এ কারণে নাগরিকত্ব ও অভিবাসনের বিষয়টি অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই সংবেদনশীল।
সাহিদার ভাষ্য অনুযায়ী, রাত প্রায় একটার দিকে তাঁকে কাঁটাতারবিহীন একটি অরক্ষিত সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। কয়েক ঘণ্টা কাদামাখা পথে হাঁটার পর এক কৃষক তাঁকে দেখতে পেয়ে নিজের বাড়িতে আশ্রয় দেন।
তবে মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, সাহিদাকে আসাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আদালতের নথি অনুযায়ী, একই অভিযানে বাংলাদেশি হিসেবে শনাক্ত আরও ১৪৮ জনের সঙ্গে সাহিদাকেও পাঠানো হয়েছিল।
স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁর স্বামী জুম্মান। গত আগস্টে ভারতের সুপ্রিম কোর্টে করা আবেদনে পরিবারটির পক্ষ থেকে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কারও নাগরিকত্ব বাতিল হয়ে যায় না। যথাযথ যাচাই ছাড়া কাউকে দেশ থেকে বের করে দেওয়ার সুযোগও নেই।
রয়টার্সের পর্যালোচনা করা নথি অনুযায়ী, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সাল থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার ছিলেন। সাহিদার নিজের নামও অন্তত ২০০৮ সাল থেকে ভোটার তালিকায় ছিল।

অন্যদিকে, মুম্বাইয়ের বিদেশি নিবন্ধন কার্যালয় কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের সময় সাহিদা বাংলাদেশের একটি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেননি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাহিদা। তাঁর দাবি, পুলিশ মুঠোফোন কেড়ে নেওয়ায় সেখানে থাকা পরিচয়সংক্রান্ত নথিপত্র দেখানোর সুযোগ পাননি।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন নাসিরুদ্দিন শেখ নামের এক ফেরিওয়ালা। কলকাতা হাইকোর্টে করা আবেদনে তিনি ও আরও চারজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তাঁদের আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও আটক করা হয়েছিল।
নাসিরুদ্দিন জানান, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাঁকে এবং আরও ২২ জনকে আটক করে। তাঁদের মধ্যে ১৯ জনের নাম সংশোধিত ভোটার তালিকায় পাওয়া যাওয়ায় ১৪ দিন পর ছেড়ে দেওয়া হয়। তবে তালিকায় নাম না থাকায় তাঁকে ও অন্য তিনজনকে ৩২ দিন আটক রাখা হয়।
তাঁর দাবি, এক পুলিশ কর্মকর্তা তাঁকে বলেছিলেন, ভোটার তালিকায় নাম নেই, তাই তিনি বাংলাদেশি। পরে আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে তাঁকেও মুক্তি দেওয়া হয়।
নাসিরুদ্দিনের ভাষ্য অনুযায়ী, যে কেন্দ্রে তাঁদের রাখা হয়েছিল, সেখানে ৬০ জনের বেশি মানুষের থাকার ব্যবস্থা ছিল। আটকের আগে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও আঙুলের ছাপ নেওয়া হয়। সেখানে অবস্থানকালে বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না।
যদিও পুলিশ ও সরকারি আইনজীবীরা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটককেন্দ্র নেই। তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশিদের জন্য তৈরি একটি অস্থায়ী কেন্দ্রে মানুষের অবস্থানের আলামত পেয়েছেন রয়টার্সের সাংবাদিকেরা।
মানবাধিকারকর্মী কিরীটী রায়ের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে। মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় থাকলেও ট্রাইব্যুনালগুলোতে মামলার নিষ্পত্তি হচ্ছে অত্যন্ত ধীরগতিতে।