চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় স্থানীয় বিএনপি সমর্থক ও ফার্নিচার ব্যবসায়ী নুরুল আবছার চৌধুরীকে (৪০) প্রকাশ্য গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। ফার্নিচারের ব্যবসা করলেও স্থানীয়দের কাছে আহত নুরুল আবছার পুলিশের সোর্স হিসেবেই বেশী পরিচিত৷
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের তেমহনী বাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনার জন্য স্থানীয় কাসেম চেয়ারম্যান সহ বেশ কয়েকজন জড়িত বলে জানিয়েছেন গুলিবিদ্ধ নুরুল আবছার৷
একাধিক গুলিবিদ্ধ নুরুল আবছারকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে একাধিক বুলেট ও ছররা গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে৷
ঘটনার পর আহত নুরুল আবছার বলেন, “কাসেম চৌধুরী বলেছে আমার লোকজনদের বিরক্ত কেন করছো ? এসময় তিনি দাবা হারুন, কালুশা, কাদের, হারিসের নাম উল্লেখ করেন৷
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইমরুল হায়াত চৌধুরী মুরাদ বিডি২৪লাইভকে বলেন, আমি একটি অফিসে বসা ছিলাম৷ নুরুল আবছারের দোকান সেই অফিসের সাথে লাগানো৷ হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত তেমহনী বাজারে আসে। এসময় দোকানে বসা অবস্থায় দুইজন নুরুল আবছার চৌধুরীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। উনাকে গুলি করে ফেলে দেয়ার পর এক পর্যায়ে ওরা আমাকে দেখে দুই রাউন্ড গুলি ছুড়ে আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে গেছি৷
ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল মোহাম্মদ রুবেল বিডি২৪লাইভকে বলেন, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার, সার্কেল সুপার সহ পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতা করে থাকি৷ সন্ত্রাসীরা আগেও নুরুল আবছারের বাড়ি লক্ষ্য করে গুলি করেছিল৷ কিছুদিব আগে কাসেম চেয়ারম্যান উনাকে ফোনে হত্যার হুমকি দিয়েছিলো৷
জানা গেছে, ঘটনার পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। চমেক হাসপাতালে থাকা আহতের স্বজনদের সূত্রে জানা গেছে গুরুতর আহত নুরুল আবছারের শরীরে একাধিক বুলেট সহ ১৫টির মতন ছররা গুলি লেগেছে। আহতের বুক, তলপেট, হাত ও পায়ে এসব গুলি লাগে বলে জানা গেছে৷ চমেক হাসপাতাল সূত্র বলছে আগামীকাল আহতের শরীরে অপারেশন করা হতে পারে। বড় মাত্রা বুলেটের আঘাতের কারণে তিনি এখনো আশংকা মুক্ত নন৷ অপারেশন শেষে উনার শারিরীক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে৷
এদিকে, এই ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একাধিক নেতা নুরুল আবছারকে পুলিশের চিহ্নিত সোর্স উল্লেখ করে এই ঘটনার সাথে কাসেম চেয়ারম্যান সহ যাদের নাম বলা হচ্ছে তারা কেউ জড়িত নয় বলে দাবি করেন৷ একটি বিদেশের নাম্বার থেকে আসা হোয়াটসঅ্যাপ কলে নিজেকে ঐ ইউনিয়নের বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মী পরিচয়ে এক ব্যক্তি এই প্রতিবেদককে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্দেশ্য মূলক ভাবে আ’লীগের নেতা-কর্মীদের নামে অপপ্রচার চালানো হচ্ছে৷ খোঁজ নিয়ে দেখেন নুরুল আবছার একজন পেশাদার পুলিশের সোর্স৷ একই সাথে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততা আছে৷”
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বিডি২৪লাইভকে বলেন, ‘আবছার নামের এক ব্যক্তিকে কয়েকজন অস্ত্রধারী এসে গুলি করে বাইকে চড়ে পালিয়ে গেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে।