ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য, গোল আর রেকর্ডে বিশ্বজুড়ে কোটি মানুষের প্রিয় মুখ লিওনেল মেসি। কিন্তু মাঠের বাইরের মেসি কেমন ছিলেন? স্কুলজীবনে পড়াশোনায় কতটা মনোযোগী ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর পুরোনো একটি নম্বরপত্র সামনে এনেছে সেই গল্প।
১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন মেসি। সে সময়ের একটি নম্বরপত্রের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এটি কোন পরীক্ষার ফলাফল এবং কীভাবে ছবিটি প্রকাশ্যে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
নম্বরপত্র অনুযায়ী, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮, নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। অন্যদিকে গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি—প্রতিটি বিষয়ে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬।
অর্থাৎ, পড়াশোনার প্রায় সব বিষয়ে গড়পড়তা ফল করলেও শারীরিক শিক্ষায় ছিলেন শতভাগ সফল। বিষয়টি অবশ্য খুব একটা অবাক করার মতো নয়। কারণ, শৈশব থেকেই ফুটবলের প্রতি ছিল তাঁর প্রবল আকর্ষণ। স্কুলের পাশাপাশি তখন নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলেও খেলতেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পড়াশোনায় খুব উজ্জ্বল না হলেও খেলাধুলায় মেসির বিশেষ প্রতিভার কথা শিক্ষকদের নজর এড়ায়নি।
পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক ছিলেন আন্দ্রেয়া সোসা। তাঁর স্মৃতিচারণায় উঠে এসেছে, মেসি ছিলেন অত্যন্ত শান্ত ও লাজুক স্বভাবের। শ্রেণিকক্ষের আলোচনায় খুব একটা অংশ নিতেন না। তবে ফুটবল খেলতে মাঠে নামলেই বদলে যেত তাঁর চেহারা।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে সোসা বলেছিলেন, ‘সে খুব শান্ত ছেলে ছিল। লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।’
স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ও মেসির প্রথম শ্রেণির শিক্ষিকা মনিকা দোমিনাও তাঁর শান্ত স্বভাবের কথা স্মরণ করেছেন। তাঁর ভাষ্য, মেসির অনেক বন্ধু ছিল। সবাই তাঁর সঙ্গে ফুটবল খেলতে চাইত। ক্লাস শেষ হওয়ার পর মাঠে যাওয়ার জন্য বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। খেলাধুলাই ছিল মেসির সবচেয়ে বড় আগ্রহ।
নিজেও পড়াশোনায় নিজের দুর্বলতার কথা স্বীকার করেছেন মেসি। রোজারিওতে শৈশবের দিনগুলোর কথা বলতে গিয়ে একবার তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।’ স্কুল বাড়ির কাছেই থাকলেও প্রায়ই দেরি করে পৌঁছাতেন বলে জানিয়েছিলেন তিনি।
বার্সেলোনায় পাড়ি জমানোর পরও পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয়নি তাঁর। মেসির ভাষায়, ক্লাসে তাঁরা অনেক মজা করতেন। তবে পড়াশোনা কখনোই তাঁদের কাছে অগ্রাধিকার পায়নি। তিনি বলেছিলেন, ‘যেভাবে পেরেছি, সেভাবেই চালিয়ে নিয়েছি। আর দ্রুত পার পেতে আমরা সবাই একে অপরকে সাহায্য করেছি।’
তবে স্কুলজীবনে পড়াশোনায় পিছিয়ে থাকলেও শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন মেসি। তারকা হওয়ার পর একাধিকবার লাস হেরাস স্কুলে গেছেন তিনি। স্কুলের উন্নয়নে দিয়েছেন অনুদানও। তাঁর সহায়তায় প্রতিষ্ঠানটি পেয়েছে কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম। সংস্কার করা হয়েছে খেলার মাঠের বেঞ্চও।
একসময় যে স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেন, সেই মেসিই আজ বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি। পুরোনো স্কুলের নিউজলেটারের সূত্র ধরে সামনে আসা নম্বরপত্রটি আবারও মনে করিয়ে দিল, শ্রেণিকক্ষে নীরব ও পড়াশোনায় গড়পড়তা এক কিশোর কীভাবে ফুটবল মাঠে নিজের অসাধারণ প্রতিভায় হয়ে উঠেছিলেন বিশ্বজোড়া পরিচিত এক নাম।