জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের গড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিষদে যুক্ত করতে বিভিন্ন পেশার অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিদের মধ্য থেকে প্রাথমিকভাবে ২৫ জনের নাম বাছাই করেছে দলটি। শিগগিরই তাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের কথা রয়েছে।
তবে প্রাথমিক তালিকায় থাকা সবাই শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যুক্ত হবেন, এমন নিশ্চয়তা নেই। আবার তালিকার বাইরেও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, সাবেক আমলা ও সেনা কর্মকর্তা, আইনজীবী, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, লেখকসহ বিভিন্ন পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে এ পরিষদ গঠন করা হবে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের বয়স এখনো ৩০ বছর হয়নি। দলটির অধিকাংশ নেতার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। জেলা ও উপজেলা পর্যায়েও ৪০ বছরের বেশি বয়সি নেতার সংখ্যা খুবই কম। সব বয়সের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে গত কয়েক মাস ধরে উদ্যোগ নিয়েছে দলটি। ইউনিয়ন পরিষদ কমিটির আহ্বায়কের বয়সও যেন ৩০ বছরের কম না হয়, সে নির্দেশনা দেওয়া হয়েছে। অনূর্ধ্ব-৩০ বয়সি নেতাদের ছাত্র ও যুব সংগঠনে যুক্ত করতে চায় দলটি।
এরই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত আমলা, জ্যেষ্ঠ আইনজীবীসহ বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের দলে যুক্ত করার চেষ্টা করছে এনসিপি। তাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা করা হয়েছে। তবে এ পরিষদের নির্বাহী কোনো ক্ষমতা থাকবে না; আগের মতোই দলের নির্বাহী সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় কমিটির হাতে থাকবে। উপদেষ্টাদের কাজ হবে শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দেওয়া এবং নীতি ও কৌশল নির্ধারণে সহায়তা করা।
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপি গঠিত হয়। তখন ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। গত মাসে কমিটি পুনর্গঠন করা হয়। দুই সদস্যের পদত্যাগের পর বর্তমানে কমিটির সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৯৩ জনে। আগামী বছর সম্মেলনের মাধ্যমে দলের নেতৃত্ব নির্বাচনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সদস্যসচিব আখতার হোসেন।