ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে এবার তাঁর স্বাক্ষরসহ আবেদন করেছেন আইনজীবীরা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া জানতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয় দফায় ই-মেইল পাঠিয়েছে তাঁর পক্ষে কাজ করা লন্ডনভিত্তিক আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বারস।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাঠানো ওই ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত একটি ওকালতনামাও সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তাঁর পক্ষে আইনি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতাও সংস্থাটিকে দেওয়া হয়েছে।
জানা যায়, এর আগেও একই ধরনের প্রক্রিয়ায় হাইকমিশনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ পাঠানো চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর ব্যবহার করে পাসপোর্ট ও এনআইডি নবায়ন কিংবা নতুন করে ইস্যু করার আবেদন জানানো হয়। তবে হাইকমিশনের কর্মকর্তাদের প্রাথমিক যাচাই-বাছাইয়ে স্বাক্ষরটির সত্যতা নিয়ে গুরুতর সন্দেহ দেখা দেয় এবং পরবর্তীতে এটি জাল বলে চিহ্নিত হয়।
এর আগে গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনারের দপ্তরে ই-মেইল পাঠিয়েছিল ম্যাট্রিক্স চেম্বারস। ওই বার্তায় শেখ হাসিনার বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার জন্য কী ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা জানতে চাওয়া হয়। তবে প্রথম দফার আবেদনের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো অনুমতিপত্র ছিল না।
এবার দ্বিতীয় দফার ই-মেইলে সেই ঘাটতি পূরণ করা হয়েছে। এতে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সংযুক্ত করে তাঁর পক্ষে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সংস্থাটি।
ম্যাট্রিক্স চেম্বারসের দাবি, প্রথম ই-মেইলটি বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করেছে বলে সংবাদমাধ্যমের মাধ্যমে তারা জানতে পেরেছে। তবে আবেদন পাঠানোর পর গত ১০ দিনেও হাইকমিশনের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এ কারণে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা জানতে বৃহস্পতিবার আবারও যোগাযোগ করেছে সংস্থাটি।
এখন শেখ হাসিনার বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার আবেদনের বিষয়ে বাংলাদেশ হাইকমিশন কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।
সূত্র: দ্য ট্রিবিউন