1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত বিল ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


চুয়াডাঙ্গার দর্শনায় একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে স্বাভাবিক প্রসবের জন্য ১৫ হাজার টাকা আদায় এবং ওষুধ সরবরাহ না করেই আরও ২ হাজার টাকা বিল নেয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিলের বিভিন্ন খাত সম্পর্কে জানতে চাইলে রোগীর স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও টাকা আদায়ে চাপ প্রয়োগের অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটি হলো দর্শনা মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর রাত ৮টার দিকে প্রসববেদনা নিয়ে দর্শনা থানার উজলপুর গ্রামের মমতাজ খাতুনকে দর্শনা মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টার দিকে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর কোনো জটিলতা ছাড়াই স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, সন্তান প্রসবের পরপরই ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর স্বজনদের কাছে ১৫ হাজার টাকা বিল দাবি করে। রাত ১১টার দিকে স্বজনেরা বিলের বিভিন্ন খাত সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষজনক ব্যাখ্যা পাননি। বরং এ সময় তাদের সঙ্গে অসৌজন্যমূলক ও তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আচরণ করা হয়। পরে বিলের বিভিন্ন খাত দেখিয়ে টাকা আদায়ে চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

ভুক্তভোগী পরিবারের দাবি, তারা আর্থিকভাবে অসচ্ছল। এককালীন ১৫ হাজার টাকা পরিশোধ করা তাদের জন্য কঠিন ছিল। এ অবস্থায় মানবিক বিবেচনায় অন্তত ২ হাজার টাকা কম নেয়ার অনুরোধ জানানো হলেও ক্লিনিক কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। এর পাশাপাশি ক্লিনিকসংলগ্ন ফার্মেসি থেকে ওষুধের বিল বাবদ আরও ২ হাজার টাকা নেয়া হয়। তবে ওই টাকার বিপরীতে কোনো ওষুধ তাদের বুঝিয়ে দেয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী রাসেল শেখ জানান, এক রাত ক্লিনিকে থাকার পর ৪ নভেম্বর দুপুর ১২টার দিকে আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে ১৫ হাজার টাকা পরিশোধ করতে বাধ্য হন তারা। এরপর রোগীকে নিয়ে বাড়ি ফেরেন। এ ঘটনায় একই দিন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে অতিরিক্ত অর্থ আদায়, ওষুধের বিলের নামে টাকা নেয়া এবং রোগীর স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করা হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানকে। অন্য দুই সদস্য হলেন ডা. ফারহানা ওয়াহিদ তানি ও ডা. সাজিদ হাসান। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, দর্শনা মডার্ন ক্লিনিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযোগকারী ও ক্লিনিক কর্তৃপক্ষ—উভয় পক্ষের বক্তব্য নেয়া হবে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে দর্শনা মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. তরিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ক্লিনিকের কর্তব্যরত ব্যবস্থাপক আব্দুল মুন্নাফ বলেন, নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় প্রসববেদনা নিয়ে ওই নারী ক্লিনিকে আসেন। এ সময় প্রসবব্যথা কমানোর জন্য ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. তরিকুল ইসলামের স্ত্রী ও গাইনি বিশেষজ্ঞ ডা. হোসনে আরা আখি তাকে ইনজেকশন দেন। কিন্তু প্রসববেদনা অতিরিক্ত হওয়ায় পরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি।

ব্যবস্থাপক আরও বলেন, প্রসবের পর রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ কারণে বিভিন্ন ওষুধ ব্যবহার করতে হয়েছে। এসব কারণেই অতিরিক্ত বিল দেখানো হয়েছে।

এদিকে নতুন করে বিল আদায়ের অভিযোগ সামনে আসার পর দর্শনা মডার্ন ক্লিনিকের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন। তাদের দাবি, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতীতেও অপচিকিৎসা, প্রসবকালীন জটিলতা এবং নারী ও নবজাতকের মৃত্যুর মতো গুরুতর অভিযোগ উঠেছিল। এসব ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। আগের অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের কথাও জানা গেছে। তবে সেসব তদন্তের চূড়ান্ত ফলাফল কী ছিল কিংবা সংশ্লিষ্ট ঘটনায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।

অভিযোগকারীদের দাবি, এবারের তদন্ত শুধু ১৫ হাজার টাকা বিল ও অতিরিক্ত ২ হাজার টাকা আদায়ের অভিযোগের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। ক্লিনিকটির বৈধ লাইসেন্স, চিকিৎসক ও নার্সের নিয়োগ, তাদের দায়িত্ব পালন, প্রসূতি বিভাগের সক্ষমতা, রোগীর নিরাপত্তা এবং বিল আদায়ের নিয়মসহ প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম খতিয়ে দেখা প্রয়োজন।

একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠার পরও কার্যকর তদারকি নিশ্চিত না হলে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জবাবদিহি নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিশেষ করে প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসাসেবার ক্ষেত্রে অবহেলা কিংবা আর্থিক অনিয়মের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এখন তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগের সত্যতা কতটা পাওয়া যায় এবং তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ক্লিনিকের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়, সেটিই এখন দেখার বিষয়। তাদের প্রত্যাশা, তদন্ত যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে; অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews