জামায়াত-শিবির সুকৌশলে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, আওয়ামী লীগের দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্তভাবে মাঠে না নেমে জামায়াত-শিবির সস্তা বক্তব্য দিতে শুরু করেছে। তারা প্রশ্ন তুলছে, ‘নিষিদ্ধ আ. লীগ কর্তৃক বাসে আগুন দেওয়ার গোয়েন্দা তথ্য কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই?’ আবার আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। এভাবে সুকৌশলে জামায়াত-শিবির আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে।
তিনি আরও লেখেন, অতীতে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি থাকার সময় গুপ্তভাবে ছাত্রলীগ করতেন—এ তথ্য শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল জানতেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। একইভাবে সারা দেশে জামায়াত-শিবিরের অনেকে গুপ্তবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ বিষয়ে গোয়েন্দা তথ্য আওয়ামী ফ্যাসিস্টদের কাছে ছিল কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
রাশেদ খানের ভাষ্য, একটি দলের গুপ্ত রাজনীতির কৌশল কিংবা চোরাগোপ্তা আক্রমণসংক্রান্ত সব তথ্য গোয়েন্দা সংস্থা বা সাংবাদিকদের কাছেও থাকে না।
জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী লীগের দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাশেদ খান লেখেন, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন জামায়াতে গুপ্ত পরিচয়ে টিকে থাকার চেষ্টা করছেন। আর জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী লীগের দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে।
তিনি আরও দাবি করেন, ছাত্রলীগের অনেকে শিবিরের ছায়াতলে গিয়ে বলার চেষ্টা করছেন, ‘কায়দা করে বেঁচে থাকতে ছাত্রলীগ করতাম, কিন্তু আসলে তো পরিবারের চৌদ্দগোষ্ঠী জামায়াত-শিবির।’
ফেসবুক পোস্টের শেষে রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি সরকারকে দুর্বল করার আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান রাশেদ খান।
তিনি বলেন, এ কারণে চলতি নভেম্বরসহ আগামী ডিসেম্বর ও জানুয়ারি—টানা তিন মাস ফ্যাসিবাদ দমনের মাস হিসেবে রাজপথে শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।