1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

উত্তেজনার মধ্যেই নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সেখানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলোর উৎক্ষেপণ ব্যবস্থাও প্রদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আইআরজিসির ‘অ্যারোস্পেস উইক’-এর অংশ হিসেবে স্থাপনাটি উন্মোচন করা হয়। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি স্থাপনাটির বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। বুধবার (১১ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদুল্লাহি এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।

তাসনিম জানিয়েছে, এই ভূগর্ভস্থ স্থাপনায় বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে। তবে স্থাপনাটির সুনির্দিষ্ট অবস্থান, ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও ধরন প্রকাশ করা হয়নি। এর আয়তন এবং কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত জানায়নি ইরান।

এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি জানিয়েছিলেন, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থার বড় অংশ ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করা হয়েছে। এসব স্থাপনায় শুধু অস্ত্র সংরক্ষণ নয়, উৎপাদন কার্যক্রমও চালানোর পরিকল্পনা রয়েছে বলে দাবি করেন তিনি।

ইরানের সামরিক কৌশলের অন্যতম প্রধান ভিত্তি দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলতি বছরের সংঘাতের পর দেশটির হাতে কতটি ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে, তা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন হিসাব পাওয়া যাচ্ছে।

২০২২ সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক মূল্যায়নে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ৩ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছিল। চলতি বছরের শুরুতে ইসরায়েলি সামরিক বাহিনীর হিসাবে দেশটির কাছে প্রায় ২ হাজার ২৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। সে সময় তেহরান প্রতি মাসে কয়েক ডজন নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও দাবি করেছিল ইসরায়েল।

অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে যুদ্ধ শুরুর আগে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা আড়াই হাজারের বেশি ছিল বলে উল্লেখ করা হয়। সংঘাতের পর কার্যকর ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে আনুমানিক ১ হাজার থেকে ১ হাজার ৫০০-তে নেমে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এসব হিসাবের স্বাধীন ও পূর্ণাঙ্গ সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

গালফ নিউজের প্রতিবেদনে সিএনএনের বরাত দিয়ে বলা হয়েছে, ব্যাপক বিমান হামলার পরও ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা ও অস্ত্রাগারের প্রায় ৯০ শতাংশ আংশিক বা পুরোপুরি কার্যকর থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। একইভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থার প্রায় ৬০ শতাংশ অক্ষত রয়েছে অথবা ক্ষতিগ্রস্ত স্থাপনা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর প্রকৃত অবস্থা, অবশিষ্ট অস্ত্রের সংখ্যা এবং উৎপাদন সক্ষমতা স্বাধীনভাবে যাচাই করা কঠিন। নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচনের মাধ্যমে তেহরান ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews