ফিরছে ‘বশির আহমেদ সম্মাননা’, আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম
প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তিন বছর বিরতির পর ফিরছে ‘বশির আহমেদ সম্মাননা’। এবারের আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শবনম। আগামী ১৮ নভেম্বর ১৩টি বিভাগে দেওয়া হবে এই সম্মাননা।
বিনোদন
বিনোদন প্রতিবেদক
স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আবারও শুরু হচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা’।
এ বছরের অনুষ্ঠানে অভিনেত্রী শবনমকে দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা।
বশির আহমেদের জন্মবার্ষিকী ঘিরে আগামী ১৮ নভেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পদক বিতরণ অনুষ্ঠান হবে।
আয়োজনে সেরা তরুণ ও গুণী শিল্পীদের সম্মান জানানোর পাশাপাশি বর্ষীয়ান অভিনেত্রী শবনমের হাতে তুলে দেওয়া হবে আজীবন সম্মাননা স্মারক।
‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘যারে যাবি যদি যা’সহ বহু কালজয়ী গানের শিল্পী ও সুরকার বশির আহমেদ।
তাঁর সংগীতসাধনাকে আজীবন অম্লান রাখতে ২০১৯ সাল থেকে পরিবার ‘বশির আহমেদ সম্মাননা পদক’ দিয়ে আসছে।
বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর আয়োজনে ২০১৯ সালে প্রথম এই সম্মাননা চালু হয়।
সাধারণত সাত থেকে আটটি বিভাগে এ পদক দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সুরকার, গীতিকার, শিল্পী, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রবাসী বাঙালি এবং যন্ত্রসংগীতশিল্পী। তবে এবার ১৩টি বিভাগে এই সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়ে হোমায়রা বশির।
তিনি বলেন, “এই সম্মাননার প্রথম পদকটি আমরা শিল্পী ফেরদৌসী রহমানের হাতে তুলে দিতে পেরেছিলেন, এটা আমাদের পরিবারের জন্য একটি বড় সাফল্য ছিল। ফেরদৌসী রহমান নিজেও এই সম্মাননা পেয়ে অত্যন্ত আবেগাপ্লুত হয়েছিলেন। আমাদের জন্য দোয়া করেছেন। আমাদের এই উদ্যোগকে সম্মান জানিয়েছেন। এবার এই সম্মাননা পাচ্ছেন শবনম আন্টি, যিনি আমাদের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ।”
২০২২ সাল পর্যন্ত প্রতিবছর নিয়মিত এ আয়োজন হলেও রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য কারণে গত তিন বছর অনুষ্ঠান স্থগিত ছিল। বিরতির পর চলতি বছর পুনরায় এই আয়োজন ফিরছে।
হোমায়রা ও রাজা দুজনেই বাবার রেখে যাওয়া ‘সারগাম মিউজিক্যাল একাডেমি’ এবং ‘সারগাম সাউন্ড স্টেশন’-এর মাধ্যমে বশির আহমেদের সংগীতকে এগিয়ে নিতে কাজ করছেন।
সারগাম মিউজিক্যাল একাডেমি বশির আহমেদের প্রতিষ্ঠিত সংগীত স্কুল, যেখানে হোমায়রা ও রাজা দুজনেই সংগীতের শিক্ষা দিচ্ছেন। সারগাম সাউন্ড স্টেশন একটি সংগীত চ্যানেল ও স্টুডিও, যা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া থেকে পরিচালিত হচ্ছে।
দীর্ঘদিন ক্যানসার ও হৃদ্রোগে ভোগার পর ২০১৪ সালের ১৯ এপ্রিল ৭৪ বছর বয়সে মারা যান বশির আহমেদ। দেশের সংগীতশিল্পী হিসেবে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য ২০০৫ সালে তাঁকে একুশে পদক দেওয়া হয়।
চলতি বছরে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ পেয়েছেন বশির আহমেদ।
১৯৩৯ সালে কলকাতার খিদিরপুরে সওদাগর পরিবারে তাঁর জন্ম। উর্দু ছিল তাঁর পরিবারের ভাষা। গানের হাতেখড়ি ওস্তাদ বেলায়েত হোসেন খানের কাছে। গানের জন্য চৌদ্দ-পনেরো বছর বয়সে পাড়ি জমান মুম্বাইয়ে।
১৯৯৭ সালে লিয়াকত হোসেন খোকনকে এক সাক্ষাৎকারে বশির আহমেদ বলেছিলেন, “সে বয়সে গান ছাড়া আর কিছুই বুঝতাম না। গান আমাকে পেয়ে বসেছিল। রক্তের সঙ্গে মিশে গিয়েছিল গান। বাবা-মাকে না বলেই এক অর্থে পালিয়ে চলে গেলাম।
“বোম্বে গিয়ে উঠলাম গীতিকার রাজা মেহেদীর বাসায়। তিনি আমাকে ছেলের মত জানতেন। সুরকার নওশাদের সহকারী ছিলেন মোহাম্মদ শফি। তার সঙ্গেও আমার পরিচয় ঘটল। তিনিই আমাকে গান গাওয়ার সুযোগ করে দিলেন।
“বোম্বেতে থাকাকালে সেই ১৯৫৪-৫৫ সালে গীতা দত্ত, আশা ভোঁসলের সঙ্গে ডুয়েট গান গাওয়ার সুযোগ হয়েছিল। তালাত মাহমুদের সঙ্গে সে সময় আমার ঘনিষ্ঠতা গড়ে ওঠে।”
মুম্বাইয়ে বড়ে গোলাম আলী খাঁর কাছেও তালিম নেওয়ার সুযোগ ঘটে তাঁর। ১৯৬০ সালে তালাত মাহমুদের সঙ্গে ঢাকা আসেন গান গাওয়ার জন্য। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাঁরা একসঙ্গে মঞ্চে গান করেন।
তারপর ফিরে গেলেও গানের টানেই কিছুদিন পরপর ঢাকা আসতেন বশির আহমেদ। এই আসা-যাওয়ার মধ্যে এখানে উর্দু চলচ্চিত্র ‘তালাশ’-এ (১৯৬৩) গান গাওয়ার সুযোগ পান।
এ দেশে তখন উর্দু চলচ্চিত্র নির্মিত হতো নিয়মিত। আর উর্দু ছবির গানের প্রয়োজনেই কদর বাড়তে শুরু করে বশির আহমেদের। তাঁর কণ্ঠটিও ছিল উর্দু গানের উপযোগী।
‘তালাশ’ সিনেমায় নায়ক রহমানের ঠোঁটে গাওয়া সবগুলো গানই ছিল তাঁর কণ্ঠে। একটি গান ছিল—‘কুছ আপনি কাহিয়ে, কুছ মেরি সুনিয়ে’। এরপর জহির রায়হানের উর্দু ছবি ‘সঙ্গম’ (১৯৬৪)-এ গান করেন।
বশির আহমেদ উর্দু ভাষার গীতিকার, সুরকার এবং শিল্পীও ছিলেন। উর্দু চলচ্চিত্র ‘কারওয়াঁ’ (১৯৬৪)-তে তাঁর নিজের লেখা ও সুরে ‘যব তুম আকেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে’ জনপ্রিয় হয়। আরও কয়েকটি উর্দু চলচ্চিত্রে কাজ করলেও ‘দরশন’ (১৯৬৭) তাঁকে নিয়ে যায় খ্যাতির শীর্ষে।
ওই চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন তিনি। এরপর বাংলা চলচ্চিত্রেও সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন।
‘ময়নামতি’ (১৯৬৯) চলচ্চিত্রে সৈয়দ শামসুল হকের লেখা ‘ডেকো না আমারে তুমি কাছে ডেকো না’ এবং গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়’ গান দুটি জনপ্রিয়তা পায়। ‘মধুমিলন’ (১৯৭০) চলচ্চিত্রে শহীদুল ইসলামের লেখা ও ফেরদৌসী রহমানের গাওয়া ‘কথা বলো না বলো ওগো বন্ধু/ছায়া হয়ে তবু পাশে রইব’ গানটিও সুরস্রষ্টা বশির আহমেদের অমর সৃষ্টি।
২০০৩ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তাঁর করা সুরে গান করেছেন ফেরদৌসী রহমান, মোহাম্মদ আবদুল জব্বার, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন থেকে শুরু করে তরুণ অনেক শিল্পী।
একইভাবে আবদুল আহাদ, খান আতাউর রহমান, খন্দকার নুরুল আলম, সুবল দাস, রবীন ঘোষ, সত্য সাহা, আজাদ রহমান থেকে শুরু করে ইমন সাহার মতো তরুণ সুরকারের গানও করেছেন বশির আহমেদ।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

