আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ সমানুপাতিক হয়েছে: ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সাম্প্রতিক সংঘাতের বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপকে সমানুপাতিক বলে মন্তব্য করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। একই সঙ্গে তিনি মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও রাজনৈতিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সংঘাতের বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ সহনীয় মাত্রায় থাকার কথা বলেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা আসবে তুলে ধরে মাইকেল মিলার বলেন, “এখন বাংলাদেশে বিভিন্ন চ্যালেঞ্জ আমরা দেখছি। তবে, আমরা সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলি, তখন একটা বার্তা পৌঁছে দিই, প্রতিক্রিয়া সমানুপাতিক হতে হবে। এবং আমার বিবেচনায় প্রতিক্রিয়া সমানুপাতিক হয়েছে।”
শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সংঘাতের মধ্যে সীমারেখা থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশ করা যেতে পারে। কিন্তু সীমাটা কি? সীমাটা হচ্ছে, যদি কোনো কর্মকাণ্ড বেআইনি হয়, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্ন করে; যেখানে ব্যক্তিবর্গ বা সংগঠনগুলো সংঘাত পরিহার করে না বরং উল্টো উৎসাহিত করে। অবশ্যই এটাকে গ্রহণ করা সম্ভব নয়।
“আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নসহ যে কোনো সংস্থাই সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে হ্যাঁ বলবে, কিন্তু না বলবে সংঘাতের উস্কানি বা ঘৃণার বিরুদ্ধে।”
রাজনৈতিক রূপান্তরের সময়ে এ ধরনের চ্যালেঞ্জ থাকার কথা তুলে ধরে ইইউ রাষ্ট্রদূত বলেন, “রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে কী রকম সংগ্রাম করতে হয়, তা ইউরোপের বিভিন্ন দেশের রয়েছে। বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক একই রকম ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশ পার করেছে।
“আমি আমার বক্তব্যে যেটা বলার চেষ্টা করেছি, রাজনৈতিক রূপান্তর জটিল প্রক্রিয়া। সেটা রাতারাতি অর্জন করা যায় না। এক্ষেত্রে অনেক বছর সময় লাগে এবং আপনাকে সংস্কারের ক্ষেত্রে নির্দয় হতে হবে।”
এ কারণে সংস্কারের বিষয়ে সমর্থনের পরিষ্কার বার্তা দিতে নির্বাচনের পর থেকে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করার কথা বলেন তিনি।
মাইকেল মিলার বলেন, “রূপান্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জাতীয় সংসদে আসা রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐকমত্য প্রত্যাশা করি আমরা।”
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আরেক প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তার সব ধরনের আস্থা আছে। তৈরি পোশাক খাতের মজুরি নিয়েও উন্নতি হওয়ার আশা করছেন তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং চালু করার বিষয়ে বিপরীতমুখী বক্তব্য থাকার প্রসঙ্গ টেনে দলটির কার্যক্রম সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান জানতে চান এক সাংবাদিক।
উত্তরে তিনি বলেন, “পূর্ববর্তী শাসন সম্পর্কে বিশেষভাবে সংবেদনশীল একটা প্রশ্ন ছিল। আমি বলছি: এক্ষেত্রে ইইউ’র কোনো অবস্থান নেই। আমি যা বলব, তা ব্যক্তিগত। অবশ্য আমরা জানি যে, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপ এখনও চলমান আছে।
“আমরা স্থিতিশীল বাংলাদেশ চাই এবং যেটা সমৃদ্ধ। আমাদের এটা খুবই সাধারণ: এটা বলতে বুঝায় ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং এটাতে বুঝায় আইনের শাসনের প্রতি সম্মান। এবং আমি বলব যে, এর মানে হচ্ছে এখন সংঘাত ত্যাগ করা এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তাকে সম্মান জানানো। আমি মনে করি, এই বিষয়গুলো পরিষ্কার।”
রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে সংস্কার উদ্যোগের কথা বলতে গিয়ে মাইকেল মিলার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থার জায়গাটা ‘ফাঁকা করে ফেলা’ হয়েছিল।
তিনি বলেন, ‘‘গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয় এবং এর মানে শুধু পার্লামেন্ট নয়। এটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিষয়।’’
“রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পূর্ববর্তী শাসকদের অধীনে আমরা দেখেছি যে, নাগরিক এবং আপনাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে আস্থাটাকে ফাঁকা করে ফেলা হয়েছিল। কেবল এভাবে বলতে পারি বলে আমি মনে করছি। এমনভাবে ফাঁকা করে ফেলা হয়েছিল যে, যেন সেগুলো ছিল অনুপস্থিত।”
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

